লোকসভা ভোটের সেমিফাইনাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভা ভোটের
লোকসভা ভোটের

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনের আর মাত্র পাঁচ-ছয় মাস বাকি। আগামী বছরের এপ্রিল-মে মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তার আগে পাঁচটি রাজ্যের আঞ্চলিক আইন পরিষদ অর্থাৎ বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। এই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন ১১ নভেম্বর শুরু হয়েছে। শেষ হবে ৪ ডিসেম্বর। রাজ্য পাঁচটি হলো: দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরাম।

লোকসভা নির্বাচনের আগে এই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। উভয় দলই একে অন্যকে পরাস্ত করতে উন্মুখ। রাজনীতিকেরা পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ হিসেবে মনে করছেন। এখন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে বিজেপি। দিল্লি ও রাজস্থানে কংগ্রেস এবং মিজোরামে কংগ্রেসের জোট।

পাঁচটি রাজ্যের ৬৩০টি বিধানসভা আসনে নেওয়া হবে ভোট। ভোট দেবেন ১১ কোটি ভোটার। ফলাফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। মধ্যপ্রদেশ বিধানসভায় রয়েছে ২৩০টি আসন। অন্যান্য বিধানসভার মধ্যে রাজস্থানে ২০০, ছত্তিশগড়ে ৯০, দিল্লিতে ৭০ ও মিজোরামে ৪০।

দিল্লিতে কংগ্রেস ১৫ বছর ধরে ক্ষমতায়। অন্যদিকে, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ১০ বছর ধরে ক্ষমতায় বিজেপি। রাজস্থানে ২০০৮ সাল থেকে ক্ষমতায় কংগ্রেস। মিজোরামে ক্ষমতায় কংগ্রেস জোট।

কংগ্রেস চাইছে, দিল্লি ও রাজস্থানের ক্ষমতা ধরে রাখার পাশাপাশি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজয় ছিনিয়ে আনতে। আবার বিজেপিও চায় মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ক্ষমতা ধরে রাখার পাশাপাশি দিল্লি ও রাজস্থানে বিজয় ছিনিয়ে আনতে। ফলে উভয় শিবিরে শুরু হয়ে গেছে স্নায়ুযুদ্ধ।

সত্যি কি কংগ্রেস পারবে দিল্লি বা রাজস্থানে দুর্গ ধরে রাখতে? নাকি ওলট-পালট হয়ে যাবে এবার? আবার বিজেপিও কি পারবে মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের রাজ্যপাট অক্ষুণ্ন রাখতে? এই নিয়ে এখন জল্পনা-কল্পনার অভাব নেই রাজনৈতিক মহলে।

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির একচ্ছত্র আধিপত্য ভাঙতে এবার আদাজল খেয়ে নেমেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে মোকাবিলা করতে কংগ্রেস এবার মাঠে নামাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। তাঁকেই রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে এই রাজ্যে কংগ্রেস দল অন্তর্দ্বন্দ্বে জেরবার। লড়াইটা সহজ হবে না। ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির অর্ধেক আসন পেয়েছিল কংগ্রেস। ২৩০ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১৪৩। কংগ্রেস পায় মাত্র ৭১।

ছত্তিশগড়ে গত নির্বাচনে ৯০ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৫০ ও কংগ্রেস ৩৮ আসন। ছত্তিশগড়ে ব্যাপক মাওবাদী তৎপরতা রয়েছে। তাদের হামলায় কিছুদিন আগে কংগ্রেসের রাজ্য সভাপতি ও বিধায়কসহ বেশ কয়েকজন নেতা খুন হওয়াসহ বিভিন্ন কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। মাওবাদী ইস্যু ও রাজ্য সরকারের ব্যর্থতাকে হাতিয়ার করে মাঠে নেমেছে কংগ্রেস। তবে পর্যবেক্ষকেরা মনে করছেন, বিজেপির দুর্গে এখনো সেভাবে আঘাত করতে পারেনি কংগ্রেস। তাই এই দুই রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরে আসতে পারে। অন্যদিকে, বিভিন্ন সমীক্ষায় যে চিত্র ফুটে উঠেছে, তাতে মনে হচ্ছে, দিল্লিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিল্লির দীর্ঘদিনের কংগ্রেসী মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হটাতে বিজেপি শুরু করেছে সাঁড়াশি আক্রমণ। শীলা দীক্ষিতের স্বচ্ছ ভাবমূর্তি থাকা সত্ত্বেও তিনি এ দফা উতরে যেতে পারবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে। কারণ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের বৃদ্ধিরোধে দিল্লি সরকারের ব্যর্থতা কংগ্রেসকে প্রবল চাপের মধ্যে ফেলে দিয়েছে।

রাজস্থানের ভোটচিত্র একটু ভিন্ন ধরনের। এই রাজ্যের ২০০৮ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের জনপ্রিয়তার বদৌলতে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। এবার অশোক গেহলটের জনপ্রিয়তায় ভাটার টান চলছে। আর সুযোগ বুঝে বিজেপি মুখ্যমন্ত্রীর পদে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে ফিরিয়ে আনার আশা করছে।

উত্তর-পূর্বের ‘সেভেন সিস্টার্সের’ অন্যতম মিজোরাম রাজ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের সঙ্গে মিজো ন্যাশনাল ফ্রন্টের। রাজ্যের কংগ্রেসি মুখ্যমন্ত্রী পু লালথানওয়ালা এবারও জয়ের জন্য পুরোদমে নেমে পড়েছেন ময়দানে। অন্যদিকে, মিজো ন্যাশনাল ফ্রন্টও বিনাযুদ্ধে মাঠ ছাড়বে না। গদিতে বসতে তারা জোট বাঁধছে স্থানীয় মিজোরাম পিপলস কনফারেন্সসহ আরও কয়েকটি দলের সঙ্গে।