
ল্যান্ডফোন থেকে মুঠোফোনে লিখিত বার্তা পাঠানো যাবে আবার ইন্টারনেট ব্যবহার করে কথাও বলা যাবে। বাংলাদেশিমালিকানাধীন বহুজাতিক ভিওআইপি সমাধানদাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের নতুন সেবায় এ সুবিধা পাওয়া যাবে। গত মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে নিজেদের প্যাভিলিয়নে এ সেবা দেখিয়েছে রিভ সিস্টেমস।
নতুন এই প্রযুক্তিসেবা ইউরোপের ল্যান্ডফোন সেবাদাতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে বলে জানান রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হাসান। মুঠোফোন ব্যবহারের হার ব্যাপকভাবে বাড়ার কারণে বিশ্বব্যাপী ল্যান্ডফোনের ব্যবসা সংকুচিত হয়ে আসছে। রিভের এই প্রযুক্তির মাধ্যমে ল্যান্ডলাইন অপারেটরদের নতুনভাবে বাজারে ফিরে আসার এক সুযোগ তৈরি হলো।
এই প্রযুক্তিটি একটি মুঠোফোন অ্যাপ্লিকেশনের (অ্যাপ) মাধ্যমে কাজ করবে। এই মোবাইল অ্যাপটি থ্রিজি কিংবা ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকলেই ল্যান্ডফোনের যেকোনো কল মুঠোফোনের মধ্যমে যেকোনো জায়গা থেকে ধরা যাবে। আবার ইচ্ছামতো কলও করা যাবে। এতে ফোন করার খরচে কোনো তারতম্য ঘটবে না।
রুমানিয়ার ল্যান্ডলাইন সেবাদাতা নেট-কানেক্ট ইন্টারনেট এসআরএলের নির্বাহী পরিচালক আলেক্সান্দরু সালকিনু রিভ সিস্টেমসের নতুন প্রযুক্তি দেখে বলেন, ‘এই সেবার মাধ্যমে আমরা আমাদের আয় বাড়াতে পারব।’ রিভ সিস্টেমসের ইউরোপ সেলস ডিরেক্টর রন পাস এ প্রসঙ্গে বলেন, ‘এটি ল্যান্ডফোন সেবাদাতাদের জন্য বড় একটি সুযোগ।’
মোবাইল কংগ্রেসে রিভ সিস্টেম এমভিএনও মোবাইল সেবাদাতাদের জন্য ‘এমভিএনও প্রোডাক্ট স্যুট’ পণ্য দেখিয়েছে। এর মাধ্যমে এমভিএনও সেবাদাতারা নিজেদের ব্র্যান্ডিংয়ে রিভের মোবাইল ডায়ালার ব্যবহার করতে পারবে। এতে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান এবং আইপি (ইন্টারনেট প্রটোকল) কল করার সুবিধা আছে। এ ছাড়া রিভ প্রদর্শন করছে নিজেদের সুইচ ও বিল করার প্রযুক্তি।
৭৫টিরও বেশি দেশে দুই হাজারের বেশি টেলিযোগাযোগ সেবাদাতা রিভ সিস্টেমসের প্রযুক্তি পণ্য ব্যবহার করছে। —নিজস্ব প্রতিবেদক