ল্যাপটপ আর এলসিডি মনিটরে ক্রেতাদের আগ্রহ
তাওহিদুজ্জামান পড়ে খুলনার জোহরা খাতুন বিদ্যানিকেতনের নার্সারি শ্রেণীতে। মেলায় এসে ওর সে কী আনন্দ! আকর্ষণীয় সাদা রঙের ছোট্ট ল্যাপটপ ধরে মায়ের কাছে বায়না ওটা ওর চাই-ই চাই। মা নার্গিস বেগম এটি যে খেলনা নয়, তা কোনোভাবেই বোঝাতে পারছেন না ছেলেকে। শুধু তাওহিদুজ্জামানই নয়, ওর বয়সী থেকে শুরু করে প্রায় সব বয়সের মানুষের নজর কেড়েছে খুলনার ডিজিটাল মেলায় প্রদর্শিত নানা রকম ল্যাপটপ কম্পিউটার। এর বাইরেও দৃষ্টি কেড়েছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের ই-টপ কম্পিউটার। স্পর্শকাতর (টাচস্ক্রিন) একটি মনিটরের মধ্যেই পুরো কম্পিউটার হলো ই-টপ। গ্লোবালেআরও আছে এলজির মনিটর, ব্রাদারের প্রিন্টার, ডেলের ল্যাপটপসহ নানা প্রযুক্তি পণ্য।মেলার দ্বিতীয় দিনে তেমন বিক্রিবাট্টা না হলেও তৃতীয় দিন গতকাল শুক্রবার সকাল থেকেই ছিল দর্শনার্থীদের ভিড়। কথা বলে জানা গেল বিক্রিও হচ্ছে ভালো। টাইগার গার্ডেনের মেলা প্রাঙ্গণে প্রতিটি স্টলেই চোখ ধাঁধানো সব প্রযুক্তিপণ্য দেখানো হচ্ছে। ফ্লোরা লিমিটেডের আফরোজা জানালেন, ডেলের ল্যাপটপ কম্পিউটার ন্যূনতম ৩১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাভেন সলিউশন স্টলের নাজমুন নাহার বলেন, ক্রিস্টাল কম্পিউটারের ল্যাপটপের দাম ২৩ হাজার ৮০০ টাকা। মেলায় বৃহস্পতিবার ‘ডিজিটাল বাংলাদেশ: প্রেক্ষাপট খুলনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বারের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ পড়েন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান। বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ, বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। মেলা কমিটির আহ্বায়ক মুন্সী আরিফুর জামান প্রথম আলোকে বলেন, এই মেলার পৃষ্ঠপোষক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড, স্পিড টেকনোলজি লিমিটেড, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ও কম ভ্যালি লিমিটেড। পাঁচদিনের এ মেলা শেষহবে আগামীকাল রোববার। —সামছুজ্জামান, খুলনা