ল্যাপটপ ও নেটবুকের বিক্রি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা জমে উঠেছে বেশ। এই মেলা শেষ হতে আরও বাকি চার দিন। প্রতিদিনই মেলায় দর্শনার্থীদের সমাগম বাড়ছে। অন্যান্য মেলার মতো এ মেলাতেও ল্যাপটপ কম্পিউটার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান মেলার ওয়েব ও কমিউনিকেশন উপ-কমিটির আহ্বায়ক এ কে এম আতিকুর রশিদ।ল্যাপটপের প্রতি আগ্রহ বেশিতরুণ প্রজন্মের।গতকাল সোমবার মেলায় আসা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী সুচি মোস্তাকিম বললেন, ‘প্রযুক্তির বদৌলতে বিশ্ব আজ হাতের মুঠোয়। ছোট হয়ে আসছে সবকিছু। সেদিন আর খুব বেশি দূরে নয়, যেদিন ডেস্কটপ কম্পিউটারের দেখা মিলতে পারে শুধুই জাদুঘরে।’ মেলায় এসার, আসুস, স্যামসাং, এইচপি, ডেল, লেনেভো, সনি, তোশিবাসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ও নেটবুক (ছোট আকারের ল্যাপটপ) পাওয়া যাচ্ছে। এসবের দাম ২৩ হাজার থেকে দেড় লাখের মধ্যে। এ ছাড়া ল্যাপটপ কিনলে একেক স্টল একেক রকম উপহার দিচ্ছে। গ্লোবাল দিচ্ছে সর্বোচ্চ তিন হাজার টাকা নগদ ছাড়। টেকনোএজ কম্পিউটার লিমিটেড প্রতিটি ল্যাপটপের সঙ্গে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উপহার। টেকভ্যালি ডিস্ট্রিবিউশন লিমিটেড ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে দিচ্ছে বাংলালায়নের মডেম। মেলায় পাওয়া যাচ্ছে ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ও ২.৫৩ গিগাবাইট গতির ইন্টেল কোর আই-৫ প্রসেসরযুক্ত ডেলের ল্যাটিটিউড ই৪৩১০ মডেলের অভিনব ল্যাপটপ। ১৩.৩ ইঞ্চি পর্দার এই ল্যাপটপের মূল্য এক লাখ ২০ হাজার টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এক শিক্ষার্থী তাঁর বন্ধুকে জন্মদিনের উপহার হিসেবে কিনে দিলেন ২ গিগাবাইট র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ও কোর আই-৫ প্রসেসর-সমৃদ্ধ এইচপি ব্র্যান্ডের ১৫.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপ। ল্যাপটপের আরও ক্ষুদ্রতর সংস্করণ নেটবুকও বিক্রি হচ্ছে বেশ ভালো। তোশিবার ১ গিগাবাইট র‌্যাম ও ২৫০ গিগাবাইট হার্ডডিস্কসহ ১০.১ ইঞ্চি পর্দার নেটবুকের দাম পড়ছে ২৭ হাজার টাকা। একই আকারের কিন্তু ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক, এলইডি মনিটরসহ আসুসের নেটবুক (১০.১ ইঞ্চি) পাওয়া যাচ্ছে মাত্র ২৩ হাজার টাকায়। ইন্টেল আই কোর-৫ সমৃদ্ধ এবং ১৫.৬ ইঞ্চি এলইডি পর্দাবিশিষ্ট এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের দাম ৭২ হাজার টাকা। এতে পাবেন ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ও ৪ গিগাবাইট র‌্যাম। ১৮.৪ ইঞ্চি পর্দার ইন্টেল কোর আই-৭ প্রসেসরসহ ৪ গিগাবাইট র‌্যাম ও ১ টেরাবাইট হার্ডডিস্ক-সমৃদ্ধ তোশিবার ল্যাপটপের দাম এক লাখ ৪২ হাজার টাকা।মেলায় রায়ানস কম্পিউটারে কোর আই থ্রি প্রসেসরের ডেস্কটপ কম্পিউটার পাওয়া যাচ্ছে ৩৪ হাজার ৫০০ টাকায়। বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটারের সঙ্গে আছে নানারকম উপহার। মেলা চললেও রিশিত কম্পিউটার্সের সার্ভিস সেন্টার খোলা রাখা হয়েছে। মেলা আকর্ষণীয় করে তুলতে কুইজ প্রতিযোগিতা ও প্রবেশ টিকিটের ওপর র‌্যাফল ড্রসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২১ জানুয়ারি আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। গতকাল থেকে সমিতির অফিসে নির্দিষ্ট ফরমে নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ সময় আগামীকাল ১৯ জানুয়ারি। গতকাল বিসিএস কম্পিউটার সিটির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো গিগাবাইট গেমিং প্রতিযোগিতা। ফিফা ১১ গেমে বিজয়ী হয়েছেন ওয়ালিদ (প্রথম), আরমান (দ্বিতীয়) ও হাসান (তৃতীয়) এবং কল অব ডিউটি গেমে চ্যাম্পিয়ন হয়েছে জিসান, নোমান, রায়হান, রাহাত ও রূপকদের দল। বিজয়ীদের উপহার হিসেবে দেওয়া হয় মোট ৫০ হাজার টাকা মূল্যের প্রযুক্তিপণ্য। মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে গুণীজন সংবর্ধনা। গতকাল অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ ও কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে সংবর্ধনা দেওয়া হয়। বিসিএস কম্পিউটার সিটির এই মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। —জাহাঙ্গীর আলম