ল্যাপটপ মেলা ছিল তারুণ্যের
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের ল্যাপটপ মেলা গতকাল রোববার শেষ হয়েছে। এ মেলা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তারুণ্যের পদচারণে মুখর। বিশেষ করে, শৌখিন ল্যাপটপের দিকে তাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের সর্বশেষ সংস্করণ প্রদর্শন করা হয়েছে মেলায়। শেষ দিন গতকাল রোববার মেলায় দর্শকদের টিকিট কেটে ঢুকতে হয়নি। হরতাল থাকলেও দর্শক-ক্রেতার ভিড় একেবারে কম ছিল না। অনেকেই পছন্দের ল্যাপটপ কম্পিউটারটি কিনতে এসেছেন। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে বিক্রেতারা শুধু বুকিং নিয়েছেন। পরে ল্যাপটপ হস্তান্তর করা হবে।কিউবি সামার ল্যাপটপ ফেয়ার ২০১১ নামের এ মেলার সমন্বয়ক ফাবিয়ান খান প্রথম আলোকে জানান, হরতালের জন্য শেষ দিনে দর্শক কিছুটা কম এসেছে। তবে মেলায় দর্শক ও বিক্রি প্রত্যাশা অনুযায়ী হয়েছে।মেলায় সব ব্র্যান্ডের ল্যাপটপেই ছাড় ও পুরস্কার ছিল। মেলায় স্টল ছিল ৪৫টি। মেলার আয়োজক ছিল অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন। —মোছাব্বের হোসেন