ল্যাপটপ মেলা শুরুতেই জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির বিকাশের জন্য সারা দেশের এক হাজার ইউনিয়নে ফাইবার অপটিক সংযোগ চালু করা হবে। তথ্যপ্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে ল্যাপটপ কম্পিউটার। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কিউবি গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এসব কথা বলেন।অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান বলেন, দেশে ল্যাপটপের চাহিদা বেড়েছে তিন গুণ। এ অবস্থায় এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ল্যাপটপ মেলার প্রধান পৃষ্ঠপোষক কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ বক্তৃতা করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলা ঘুরে দেখেন। উদ্বোধনের পরপর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দর্শনার্থীদের উপস্থিতিতে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড আসুস ও ডেল ব্র্যান্ডের ল্যাপটপ, নেটবুক কম্পিউটার এনেছে। আসুসের ২১টি মডেলের ল্যাপটপ ও নয়টি মডেলের ই পিসি এবং ডেলের পাঁচটি মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। প্রতিটিতেই আছে ছাড় ও উপহার। কম্পিউটার সোর্স মেলায় আলাদা আলাদা স্টলে রেখেছে ডেল, ফুজিৎসু, এইচপি ও স্যামসাংয়ের ল্যাপটপ কম্পিউটার। এ ছাড়া আছে একটি স্টলে লজিটেক পণ্য এবং আরেকটি স্টলে নরটন অ্যান্টিভাইরাস সফটওয়্যার। মেলায় প্রতিটি ল্যাপটপেই উপহার দেবে কম্পিউটার সোর্স। আর প্রোলিংকের ল্যাপটপ পাওয়া যাবে ২১ হাজার টাকায়, অ্যাপল ম্যাকবুক প্রোতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে কম্পিউটার সোর্স। সনি ভায়োর নতুন ল্যাপটপ মেলায় বিক্রি করছে রিশিত কম্পিউটারস। আগামী রবিবার পর্যন্ত মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। — মোছাব্বের হোসেন