ল্যাপটপ মেলা শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় এসে ল্যাপটপ দেখছেন এক দর্শক l  ছবি: সংগৃহীত
মেলায় এসে ল্যাপটপ দেখছেন এক দর্শক l ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩ মে শুরু হয়েছে ‘গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা ২০১৬’। তিন দিনের এ মেলা শেষ হচ্ছে আজ রাতে। গতকাল শনিবার সকালে মেলায় দর্শকদের উপস্থিতি ভালো থাকলেও বৃষ্টির কারণে দুপুরের পর থেকে তা কমে যায়।
প্রদর্শনীতে ল্যাপটপ কম্পিউটারের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, অ্যান্টিভাইরাস এবং আনুষঙ্গিক যন্ত্র পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
বেশ কিছু নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয় মেলায়। যেকোনো মডেলের ল্যাপটপে স্ক্র্যাচ কার্ড দিচ্ছে এইচপি, যা ঘষে ল্যাপটপ, প্রিন্টার, স্পিকার, হেডফোন বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার পাওয়া যাবে। গ্লোবাল ব্র্যান্ডের আসুস প্যাভিলিয়নেও ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ড পাওয়া যাবে। এ ছাড়া আসুসের যেকোনো মডেলের ল্যাপটপ কিনলে মূল্যছাড় পাওয়া যাচ্ছে। লেনোভোর মিনি প্যাভিলিয়ন থেকে যেকোনো মডেলের ল্যাপটপ কিনে ‘পিক ইওর লাক’ অফারের নিশ্চিত উপহার পাওয়া যাবে। অর্ধেক মূল্যে পাওয়া যাচ্ছে ইনটেল সিকিউরিটি। সঙ্গে থাকছে টি-শার্ট কিংবা পেনড্রাইভ উপহার।
এর আগে গত শুক্রবার বিকেল চারটায় মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। উদ্বোধনের সময় তিনি বলেন, আধুনিক দেশগুলোর প্রযুক্তির কাতারে নিয়ে যেতে হলে দেশে এ ধরনের ল্যাপটপ মেলা খুব প্রয়োজন।
আয়োজক এক্সপো মেকারের এটি ১৭তম ল্যাপটপ মেলা। প্রতিষ্ঠানটির পরিচালনা বিভাগের প্রধান ও ল্যাপটপ মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গতবারের তুলনায় এবারের ল্যাপটপ মেলার ভিড় চোখে পড়ার মতো।
আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনা মূল্যে প্রবেশের এই সুযোগ পাবেন।
রাহিতুল ইসলাম