ল্যাপটপ মেলার শেষ দিন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের ল্যাপটপ মেলা গতকাল শনিবার শেষ হয়েছে৷ এবারের মেলা প্রায় তিন হাজার ল্যাপটপ কম্পিউটার বিক্রি হয়েছে৷ তিন দিনই মেলায় ছিল ক্রেতাদের ভিড়৷
মেলার আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এবারের মেলায় আমরা যা আশা করছিলাম, তার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। গত তিন দিনে আমাদের ল্যাপটাপ মেলায় প্রায় ৩৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটেছে। বিক্রেতারাও অনেক খুিশ, কারণ তিন দিনে তিন হাজার ল্যাপটপ বিিক্র হয়েছে৷’
গত বৃহস্পতিবার প্রথম দিনে উঠোনের মতো করিডর পার হয়ে মেলা প্রাঙ্গণে ঢুকে দেখা হলো ধানমন্ডি থেকে আসা শারমিন সুলতানার সঙ্গে। তিনি বললেন, ‘দৈনন্দিন কাজ ও তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত থাকতে একটি ল্যাপটপের খুব দরকার৷ তাই কিনে ফেললাম৷ কারণ, মেলায় কিছুটা ছাড়ে ল্যাপটপ কেনা যায়৷’ এ মেলায় ক্রেতাদের টানতে নতুন প্রযুক্তির ল্যাপটপ কম্পিউটার যেমন দেখানো হচ্ছে, তেমনি বিক্রেতারা দিচ্ছেন ছাড় ও উপহার৷
বৃহস্পতিবার সকালে মেলা উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘চাইলে প্রত্যেকেই একটি করে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন৷ এ জন্য আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনা দরকার।’ এ সময় উপস্থিত ছিলেন মেলার সহযোগী বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব নজরুল ইসলাম, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া, মেলার পৃষ্ঠপোষক টেকশহরডটকমের আল আমীন দেওয়ান ও আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন সিদ্দিকী।
এ মেলায় বাংলাদেশের বাজারে প্রচলিত প্রায় সব ল্যাপটপ কম্পিউটারের নির্মাতাদের স্টল ও প্যাভিলিয়ন ছিল৷ এবারে ল্যাপটপের পাশাপাশি মেলায় স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারও দেখা গেছে৷ মেলায় এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিৎসু, ডেলসহ বিভিন্ন ল্যাপটপে পাওয়া যাচ্ছে৷ প্রতিটি ল্যাপটপেই ছিল মূল্য ছাড় ও উপহার৷
মেলা খোলা থাকে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রবেশমূল্য ২০ টাকা৷— রাহিতুল ইসলাম