ল্যাপটপ মেলার শেষ দিনে উপচেপড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার সারাদিন ধরেই মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। বিকেল আর সন্ধ্যায় তো ছিল একাধিক দীর্ঘ সারি। সারিবদ্ধ মানুষের এই ভিড় ছিল ল্যাপটপ মেলাকে কেন্দ্র করে। শুধু ল্যাপটপ কম্পিউটার নিয়ে প্রযুক্তির এ মেলা শেষ হয়েছে গতকাল।তিন দিনের মেলায় নগরবাসীর বেশ আগ্রহ দেখা গেছে। মেলার আয়োজক মেকার কমিউনিকেশন সূত্রেজানা যায় এবারের মেলায় প্রায় তিন হাজার ল্যাপটপ বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক আসিফ সারওয়ার খান বলেন, ‘মেলায় যা আশা করেছিলাম, তার চেয়ে বেশি সাড়া পেয়েছি।’ মেলায় ল্যাপটপ কিনতে আসা চাকরিজীবী নাদিম রেজা বলেন, ‘অফিসের কাজের বাইরে নিজের কিছু কাজ করার জন্য মেলায় ল্যাপটপ কিনতে আসা। মেলা ঘুরে নিজের পছন্দমতো ল্যাপটপটি কিনে নিচ্ছি।’ বৃহস্পতিবার ল্যাপটপ কিনতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার আনাম ও ফারহানা ইয়াসমিন লোপা। তাঁরা বলেন, পড়াশোনার জন্য ল্যাপটপ অনেক বেশি প্রয়োজনীয়। তথ্যপ্রযুক্তির এই যুগের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তাই মেলায় ল্যাপটপ কিনতে এসেছি। মেলায় ল্যাপটপ কেনার সবচেয়ে বড় সুবিধা হলো, একসঙ্গে অনেক ল্যাপটপ দেখে পছন্দমতো কেনা যায়। আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়—বাংলাদেশের বুশরা ও সাবা বলেন, ‘এ সময়ে তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত না হয়ে চলা অনেক কঠিন। যেখানেই থাকি, প্রযুক্তির সঙ্গে থাকতে চাই। ল্যাপটপ বহন অনেক সহজ। ক্লাসে, সেমিনারে সব স্থানে কাজ করা যায় ল্যাপটপে। তাই মেলায় ল্যাপটপ কিনতে আসা।’ মেলায় লেনোভো স্টলের ব্যবস্থাপক কে এম হোসেন রুবেল বলেন, ‘ল্যাপটপ মেলায় যা আশা করেছিলাম, তার চেয়ে বেশি বিক্রি হয়েছে।’ ব্যবসায়ী মাসুদ আলম বলেন, ‘ল্যাপটপ কেনার ক্ষেত্রে মেলায় বিশেষ সুবিধা দেওয়া হয় প্রতিটি প্যাভিলিয়নে। তাই অপেক্ষায় ছিলাম মেলার জন্য। পছন্দমতো পণ্য কিনতে মেলার বিকল্প নেই।’ জুম ল্যাপটপ মেলা ২০১০ নামের এ মেলায় প্রধান পৃষ্ঠপোষক ছিল সিটিসেল।সহপৃষ্ঠপোষক ছিল এসার, আসুস, এইচপি ও লেনোভো; রেডিও সহযোগী রেডিও এবিসি এবং অনলাইন সহযোগী বিডি জবস ডট কম। —বাদল খান