ল্যাপটপে জেট ইঞ্জিনের প্রযুক্তি!
আলট্রাবুক বা হালকা-পাতলা মডেলের ল্যাপটপ তৈরিতে ব্যবহূত হতে পারে জেট ইঞ্জিনের প্রযুক্তি। ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ২০১৪ সাল নাগাদ আলট্রাবুকে জেট ইঞ্জিনের কুলিং প্রযুক্তি যুক্ত করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।জেনারেল ইলেকট্রিকের গবেষকেরা জানিয়েছেন, হালকা-পাতলা ল্যাপটপ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল কুলিং বা শীতলীকরণ প্রযুক্তি। ল্যাপটপের অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে তাতে ফ্যান বা পাখা ও পাখার স্থান সংকুলানের জন্য আলাদা খাঁচা রাখতে হয়। ফ্যান ব্যবহারে ল্যাপটপ চালু করলে শব্দ হতে থাকে। সম্প্রতি গবেষকেরা জেট ইঞ্জিনের শীতলীকরণ প্রযুক্তিটি ল্যাপটপের জন্য কাজে লাগাতে যাচ্ছেন। গবেষকেরা ‘ডুয়াল পিজোইলেকট্রিক কুলিং জেটস’ নামে ছোটো আকারের ক্রেডিট কার্ড আকৃতির শীতলীকরণ যন্ত্র তৈরি করেছেন যা ল্যাপটপকে শীতল রাখবে এবং এতে কোনো শব্দ হবে না।জেনারেল ইলেকট্রিকের গবেষকেরা আশা করছেন, শীতলীকরণ যন্ত্র ব্যবহার করে ভবিষ্যতে হালকা-পাতলা ল্যাপটপসহ নতুন নতুন অনেক পণ্যই তৈরি করা সম্ভব হবে।