ল্যাপটপেও আসছে কাইনেক্ট প্রযুক্তি
মাইক্রোসফট উদ্ভাবিত কাইনেক্ট প্রযুক্তি এবার যোগ হচ্ছে ল্যাপটপেও। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম-চালিত আসুসের নোটবুকে প্রথম যোগ হবে মাইক্রোসফটের এ প্রযুক্তি।থার্ড পার্টি হার্ডওয়্যার নির্মাতাদের জন্য বিল্ট-ইন কাইনেক্ট সেন্সর লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। কাইনেক্ট প্রযুক্তি যোগ হলে জেশ্চার বা অঙ্গভঙ্গির সাহায্যে নোটবুক চালানো সম্ভব হবে।কাইনেক্ট হচ্ছে মাইক্রোসফটের গেমিং কনসোলে ব্যবহূত প্রযুক্তি। এ প্রযুক্তিটি নিয়ার মোড তৈরি করতে পারে, যার মাধ্যমে অঙ্গভঙ্গি শনাক্ত করা যায় । মাইক্রোসফট জানিয়েছে, ছোটো আকারের একটি ডিভাইস ল্যাপটপের সঙ্গে জুড়ে দিয়ে অঙ্গভঙ্গির সাহায্যে ল্যাপটপেই বিভিন্ন সফটওয়্যার চালানো যাবে। অবশ্য, লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় ডেস্কটপ কম্পিউটারের জন্য কাইনেক্ট প্রযুক্তির কথা জানিয়েছিল মাইক্রোসফট। মাইক্রোসফট সিইও স্টিভ বলমার তার কিনোটে এক্সবক্স এবং ডেস্কটপে কাইনেক্ট প্রযুক্তি ব্যবহারের কথা বলেছিলেন। তবে এবারে ল্যাপটপ কম্পিউটারে এ প্রযুক্তি যোগ হচ্ছে বলেই জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট। এদিকে, মাইক্রোসফট থেকে কাইনেক্টের লাইসেন্স দেবার আরও খবর দিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি’। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, টেলিভিশনেও যোগ হচ্ছে কাইনেক্ট প্রযুক্তি। প্রযুক্তিটির প্রতি আগ্রহ দেখিয়েছে এলজি, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া ছোট আকারের ডিভাইস বা স্মার্টফোনেও কাইনেক্টের মতো প্রযুক্তি যোগ হচ্ছে। সম্প্রতি সফটকাইনেটিক নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ৬ ইঞ্চি মাপের ডিভাইসেও থ্রিডি জেশ্চার প্রযুক্তি যোগ করার ঘোষণা দিয়েছে।