ল্যাপটপের সঙ্গী

কম্পিউটারের সব কাজ যেন একটি বহনযোগ্য যন্ত্রের মধ্যেই করা যায়, সেই ভাবনা থেকেই ল্যাপটপের উদ্ভাবন। প্রয়োজনীয় সবকিছু এই ছোট যন্ত্রের মধ্যে আগে থেকেই যুক্ত থাকে। তবে নতুন কিছু যন্ত্র বা যন্ত্রাংশ লাগিয়ে ল্যাপটপের কর্মক্ষমতা বাড়ানো যায় বহুগুণে। এমনই কিছু যন্ত্রাংশের কথা থাকছে এই প্রতিবেদনে।
ল্যাপটপ কুলার
একটানা দীর্ঘ সময় চলার পর ল্যাপটপ গরম হয়ে যেতে পারে। অনেক সময় নরম কিছুর ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করলে বাতাস চলাচল বন্ধ হয়েও ল্যাপটপের যন্ত্রাংশ গরম হয়ে যায়। এ ক্ষেত্রে ল্যাপটপ কুলার ব্যবহার করতে হবে। ল্যাপটপ কুলার বায়ুপ্রবাহ ঠিক রেখে ল্যাপটপের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। বাজারে পাওয়া যাবে ২৫০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে।
ব্লুটুথ স্পিকার
প্রতিটি ল্যাপটপের সঙ্গে স্পিকার সংযুক্ত থাকে। তবে সেগুলোর শব্দের মান সাধারণত ভালো হয় না। এ ক্ষেত্রে বাড়তি স্পিকার ব্যবহার করা যেতে পারে। তারহীন ব্লুটুথ স্পিকারগুলো ভালো কাজ দিতে পারে, যা একই সঙ্গে ল্যাপটপ এবং স্মার্টফোনে ব্যবহার করা যায়। ৬০০ থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে মিলবে স্পিকার।
বহনের জন্য ব্যাগ
সারা দিনের ব্যস্ততায় ল্যাপটপ আপনার নিত্যসঙ্গী। ভ্রমণের সময়েও সঙ্গে থাকে ল্যাপটপ। তাই এর নিরাপত্তার ব্যাপারেও ভাবতে হবে। শুধু ল্যাপটপের জন্য ব্যাগ পাওয়া যায়, আবার অনেক ব্যাগে ল্যাপটপ রাখার জন্য আলাদা জায়গা থাকে। যেকোনোটি কিনে নিতে পারেন। তবে ল্যাপটপ কেনার সময় বেশির ভাগ বিক্রেতা একটি ব্যাগ বিনা মূল্যে দিয়ে থাকে। ৫০০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ল্যাপটপের ব্যাগ।

মাউস ও কি–বোর্ড
ল্যাপটপে কি–বোর্ড ও মাউসপ্যাড সঙ্গেই থাকে। অতিরিক্ত কিছুর প্রয়োজন নেই। তবে নিজের ব্যবহারের সুবিধার জন্য মাউস ও কি–বোর্ড কিনে নেওয়া যেতে পারে। ল্যাপটপের জন্য তারহীন ব্লুটুথ মাউস ও কি–বোর্ড এখন বাজারে ভালো চলছে। মাউস ১০০ থেকে শুরু করে ছয় হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে এবং কি–বোর্ডের দাম ১৫০ থেকে ১২ হাজার টাকা।
হেডফোন
পাশের কাউকে বিরক্ত না করে নির্বিঘ্নে গান শুনতে হেডফোনের বিকল্প নেই। স্মার্টফোনের জন্য যেমন বেশ কাজের, ল্যাপটপের জন্যও তা–ই। চাইলে দুটি যন্ত্রের জন্য একটি হেডফোন ব্যবহার করতে পারেন। ছোট কিংবা বড়, তারসহ বা ছাড়া, ৪০০ থেকে শুরু করে ১৪ হাজার টাকা দামের নানা ধরনের হেডফোন বাজারে পাওয়া যায়।

মডেম
ইন্টারনেটে যুক্ত হওয়ার নানা পথ আছে। সেটা ওয়াই–ফাইয়ের মাধ্যমে হতে পারে, ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে হতে পারে, আবার মডেমের মাধ্যমেও হতে পারে। তবে ওয়াই–ফাই সব জায়গায় পাওয়া সম্ভব নয় এবং ঘরের বাইরে ব্রডব্যান্ড সংযোগ ব্যবহারের সুযোগ নেই। সে ক্ষেত্রে ভরসা ইউএসবি মডেম। বাজারে এক হাজার থেকে চার হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
বহনযোগ্য হার্ডডিস্ক
পোর্টেবল হার্ডডিস্ক সব কম্পিউটারের জন্যই বেশ কাজের একটি যন্ত্র। তবে নতুন হালকা–পাতলা গড়নের ল্যাপটপগুলোতে হার্ডডিস্কের বদলে সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) ব্যবহার করা হয়, যার ধারণক্ষমতা কম। তবে সহজে নতুন হার্ডডিস্ক যুক্ত করার সুবিধা না থাকায় পোর্টেবল হার্ডডিস্ক ভালো কাজ দেয়। ৫০০ গিগাবাইট থেকে ৩ টেরাবাইট পর্যন্ত পাওয়া যায়। বাজারে চার হাজার ৩০০ থেকে ১৪ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।