ল্যাম্বরগিনির স্বপ্নের গাড়ি

অ্যাপাচি হেলিকপ্টারের নকশায় অনুপ্রাণিত হয়ে ইগোইস্টা নামের নতুন একটি গাড়ির নকশা করেছে ইতালির বিখ্যাত স্পোর্টস কার নির্মাতা ল্যাম্বরগিনির প্রকৌশলীরা। ইগোইস্টাকে ল্যাম্বরগিনি বলছে স্বপ্নের গাড়ি। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষেই এই কনসেপ্ট কারের উদ্যোগ। ইগোইস্টা কেনার কথা ভাবছেন? আপাতত সে পরিকল্পনা থেকে আপনাকে সরে আসতেই হবে। কারণ এ গাড়ি বিক্রির জন্য নয়। ল্যাম্বরগিনি কর্তৃপক্ষের ইচ্ছা তাঁদের এ গাড়িটি সবার স্বপ্নের গাড়ি হয়েই থাকুক। অসাধারণ গাড়ি তৈরির জন্য ল্যাম্বরগিনির পক্ষ থেকে এ গাড়িটি ল্যাম্বরগিনির জন্য এক অনন্য উপহার। এক খবরে এ তথ্য জানিয়েছে এনগ্যাজেট। ইগোইস্টা শব্দের অর্থ আত্মকেন্দ্রিক। অবশ্য আত্মকেন্দ্রিক হওয়া ছাড়া এর চালকের আর কোনো উপায়ও নেই, কারণ কার্বন তন্তু ও অ্যালুমিনিয়াম কাঠামোর তৈরি এই গাড়িতে আসন যে মাত্র একটি। ফরমুলা ওয়ানের হালকা-পাতলা গাড়ির আদলে ইগোইস্টা গাড়িটির নকশা করেছেন ভক্সওয়াগেন গ্রুপের প্রধান নকশাবিদ ওয়াল্টার ডি সিলভা। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ৫.২ লিটার ভি১০ ইঞ্জিন আর চালকের আসনটিকে জেট ফাইটার প্লেনের ককপিটের আদলে নকশা করা হয়েছে যাতে চালককে তা দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে। হালকা-পাতলা গাড়িটিতে প্রচলিত হেডলাইটের পরিবর্তে মহাকাশযানে ব্যবহূত এলইডি ক্লিয়ারেন্স লাইট ব্যবহার করা হয়েছে।