লড়তে আসছে আমাজনের ট্যাবলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজন ডট কম এবার আনছে নিজেদের তৈরি ট্যাবলেট কম্পিউটার। এর আগে প্রতিষ্ঠানটি বই পড়ার ইলেকট্রনিক যন্ত্র কিন্ডল এনে চমক সৃষ্টি করেছিল। ট্যাবলেট কম্পিউটারের বাজারে শীর্ষে থাকা অ্যাপলের আইপ্যাড যাত্রা শুরুর পর থেকে বিক্রি হয়েছে প্রায় দুই কোটি ৫০ লাখ! এর পর বাজারে আসা রিসার্চ ইন মোশন, এইচপি ও স্যামসাংয়ের তৈরি ট্যাবলেটগুলোর বিক্রি এবং বাজারে অবস্থান তেমন শক্ত নয়। আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বেশ পেছনে এসব প্রতিষ্ঠানের তৈরি ট্যাবলেটগুলো। আমাজনের এ ট্যাবলেট কম্পিউটার আইপ্যাডের সঙ্গে লড়াই করবে বলে ধরে নিচ্ছেন বাজার গবেষকেরা। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে। গবেষকদের মতে, ইন্টারনেটে কেনাকাটার বিশ্বসেরা সাইটটি খুব তাড়াতাড়িই ট্যাবলেট কম্পিউটারটি বাজারে ছাড়বে, যাতে মোবাইল কমার্সের বিষয়টি দ্রুত বাড়তে পারে এবং ডিজিটাল মাধ্যমে সেবা এবং পণ্য কেনা আরও সহজ হয়। বাজার গবেষক কলিন গিলিস বলেন, আশা করা যায়, আমাজনের ট্যাবলেটটি জনপ্রিয়তা পাবে ব্যবহারকারীদের কাছে। তিনি উল্লেখ করেন, আমাজনের তৈরি আগের জিনিসগুলোও ছিল ব্যবহারকারীদের উপযোগী এবং সাশ্রয়ী মূল্যের। বাজারে সেরা হওয়ার ক্ষেত্রে যা বড় একটি সহায়ক ভূমিকা পালন করে।ধারণা করা হচ্ছে, নতুন ট্যাবলেটটিরও নাম হতে পারে কিন্ডল। সাত ইঞ্চির গুগলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড চালিত স্পর্শকাতর পর্দার ট্যাবলেটটির দাম হতে পারে ২৫০ ডলার। —টাইমস অব ইন্ডিয়া