শক্তিশালী গ্রাফিকস কার্ড আনল এনভিডিয়া
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া সম্প্রতি ২ গিগাবাইটের জিফোর্স জিটিএক্স ৬৯০ গ্রাফিকস কার্ড বাজারে এনেছে। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, সাংহাইতে অনুষ্ঠিত জিফোর্স ল্যান/এনভিডিয়া গেম ফেস্টিভ্যালে এই গ্রাফিকস কার্ডটির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেন হুন হুয়ান।এ প্রসঙ্গে এনভিডিয়া জানিয়েছে, জিটিএক্স ৬৯০ গ্রাফিকস কার্ডটি কম শব্দ উত্পন্ন করে এবং শক্তি সাশ্রয়ী। চলতি সপ্তাহেই এ গ্রাফিকস কার্ডটি বাজারে চলে আসবে। ৭ মে থেকে আসুস, এভিজিএ, এমএসআই, গিগাবাইটসহ অন্যান্য প্রতিষ্ঠানও এই গ্রাফিকস কার্ড বিক্রি শুরু করবে। গ্রাফিকস কার্ডটির দাম পড়বে এক হাজার ডলার। এনডিডিয়ার এই গ্রাফিকস কার্ডটিতে রয়েছে দুটি ২৮ এনএম প্রযুক্তির কেপলার জিপিইউ চিপ। এনভিডিয়ার দাবি, নতুন কেপলার জিপিইউ চিপ ব্যবহারের ফলে এনভিডিয়ার পূর্ববর্তী সংস্করণ জিটিএক্স ৬৮০ গ্রাফিকস কার্ডের তুলনায় জিটিএক্স ৬৯০ ২৫ থেকে ৯০ শতাংশ উন্নত পারফরমেন্স দেবে।