শক্তিশালী নিরাপত্তা আউটলুকে
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের নতুন ওয়েবমেইল সেবা আউটলুক ডট কমের নিরাপত্তা হবে দারুণ শক্তিশালী। গুগলের তৈরি জনপ্রিয় ই-মেইল জিমেইলের চেয়ে নিরাপত্তা বেশি থাকবে বলে দাবি প্রতিষ্ঠানটির। নানা ধরনের নতুন সুবিধার পাশাপাশি নিরাপত্তার দিকেও বেশ জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। জিমেইলের মতো দুই ধরনের নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যবস্থা থাকছে না আউটলুকে। জিমেইলে দুই ধাপের নিরাপত্তার ক্ষেত্রে মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড আসে, যা ছাড়া নিজের গোপন নম্বর দিয়েও ই-মেইলে প্রবেশ করা যায় না। এর বদলে আউটলুকে থাকবে এমন প্রক্রিয়া, যা ব্যবহারকারী চাইলে পছন্দ অনুযায়ী কোনটি ব্যবহার করবেন, সেটি নির্ধারণ করতে পারবেন। আউটলুক নিয়ে বেশ আশাবাদী মাইক্রোসফট কর্তৃপক্ষ। এ প্রকল্পে বিনিয়োগও করা হয়েছে অনেক। হটমেইলের অবস্থানও বর্তমানে অনেক পেছনে। তাই নতুনভাবে আউটলুকের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চাইছে মাইক্রোসফট। তাই ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নিরাপত্তার ক্ষেত্রে দুই ধাপের পদ্ধতি থাকছে না আউটলুকে। অনেক সময় দেখা গেছে, অনেক ব্যবহারকারী প্রথম ধাপ পর্যন্ত ব্যবহারে আগ্রহী থাকেন এবং দ্বিতীয় ধাপের ক্ষেত্রে বিরক্ত হন। তাই জিমেইলের মতো দুই ধাপের ব্যবস্থা রাখা হয়নি। এক ধাপেই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে মাইক্রোসফট—এমনই জানা গেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বাজারে শীর্ষত্ব গ্রহণ করতে মাইক্রোসফট সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে। এর ফলে জিমেইল তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে বলে মনে করছেন তাঁরা। —ম্যাশএবল অবলম্বনে নুরুন্নবী চৌধুরী