তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১২--১৪ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থীরা সংগঠনের উন্নয়নের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া বিআইজেএফকে একটি শক্তিশালী সংগঠন হিসেবেও দেখতে চান প্রার্থীরা। গত শনিবার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কার্যালয়ে নির্বাচন কমিশন আয়োজিত প্রার্থী পরিচিতি সভায় নিজেদের নানা প্রতিশ্রুতির কথা জানান প্রার্থীরা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা জব্বার বলেন, ‘এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই হচ্ছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এ ছাড়া অনুষ্ঠানে নির্বাচনের নানাবিধ নিয়মকানুন, আচরণবিধিসহ প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানানো হয়।সংগঠনের স্থায়ী অফিস তৈরি, সদস্য বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিয়মিত প্রকাশনা, সম্মাননা প্রদান, নিজস্ব তহবিল তৈরি, প্রশিক্ষণ ও কর্মশালাসহ নানা বিষয়ে কাজ করার কথা জানান প্রার্থীরা। পরিচিতি সভায় সভাপতি পদপ্রার্থী মুহম্মদ খান, মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরাফাত সিদ্দিকী, ওয়াশিকুর রহমান ও সাব্বিন হাসান নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন। কার্যনির্বাহী কমিটির নয়টি পদের মধ্যে সাতটি পদেই একজন করে প্রার্থী রয়েছেন। ১১ আগস্ট সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। —নিজস্ব প্রতিবেদক