শক্তিশালী সাইবার হামলা প্রতিহত করেছে লকহিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সর্ববৃহৎ বিমান সংস্থা লকহিড মার্টিন গত শনিবার জানিয়েছে, তারা সফলভাবে একটি ‘গুরুত্বপূর্ণ ও শক্তিশালী’ সাইবার হামলা প্রতিহত করেছে। সংস্থাটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।লকহিড মার্টিনের বিবৃতিতে বলা হয়, ২১ মে তারা জানতে পারে, তাদের স্পর্শকাতর তথ্যব্যবস্থার নেটওয়ার্কে শক্তিশালী একটি সাইবার হামলা হয়েছে। এরপর প্রতিষ্ঠানটির তথ্যপ্রযুক্তিবিষয়ক নিরাপত্তা দল তাৎক্ষণিকভাবে হামলাটি প্রতিহত করে। তবে এ ঘটনায় কোনো প্রোগ্রাম বা গ্রাহকের ব্যক্তিগত তথ্যের ক্ষতি হয়নি। সাইবার হামলার ধরন সম্পর্কে বিবৃতিতে কিছুই বলা হয়নি।বিবৃতিতে আরও বলা হয়, তারা সাইবার হামলা প্রতিরোধের বিষয়টি সংশ্লিষ্ট মার্কিন সংস্থাকে জানিয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। এ ছাড়া কোম্পানির নেটওয়ার্কে কর্মকর্তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে তারা কাজ করছে। এ জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই সাইবার হামলার কারণে পেন্টাগন ও অন্যান্য সরকারি সংস্থার তেমন কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া তাদের কার্যক্রমে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে তাঁরা জানিয়েছেন।প্রতিবেদনের তথ্য অনুসারে, লকহিড হলো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শীর্ষস্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০০৯ সালে প্রতিষ্ঠানটির মোট রাজস্বের ৭৪ শতাংশ এসেছে সামরিক সরঞ্জাম বিক্রি থেকে। —এএফপি অবলম্বনে আবুল হোসেন