
চুলায় তৈরি হচ্ছে খাবার, পাশে চলছে আড্ডা ও খাওয়া। এখনকার শহুরে জীবনে সচরাচর এমনটা খুব একটা দেখা যায় না। কেননা বাসাগুলোর রান্নাঘরটা অন্য ঘরের তুলনায় আকারে ছোট হয়ে থাকে। ফলে রান্নাঘরের মূল কাজ রান্না করতে পারলেই যেন বাঁচে সবাই। কিন্তু আধুনিক ঢঙে সাজানো বাসায় কেউ কেউ দুটি করে রান্নাঘর তৈরি করছেন। আগের রান্নাঘর তো থাকছেই পাশাপাশি আরেকটি রান্নাঘর রাখছেন যেখানে অল্প আঁচে, হালকা ধরনের খাবার তৈরি করা হয়। এই ধরনের রান্নাঘরকে ‘ড্রাই কিচেন’ বলা হয়। ‘এরকম হেঁসেল সাধারণত বড় আকারের বাড়িতে থাকে। এটি সৌখিনতার পরিচায়ক।’ এমনটা মনে করেন ক্ষেত্রমিতির স্থপতি নাঈমুল হাসান। সাধারণত বড় বাসাতে ড্রাই কিচেন করা ভালো। নাইমুল হাসানের মতে ড্রাই কিচেনের রান্না মাইক্রোওয়েভ ওভেনভিত্তিক হয়ে থাকে। অনেকে গ্যাসের চুলাও ব্যবহার করেন। ভারী ধরনের খাবার এখানে রান্না না করাই ভালো। যেহেতু খোলা থাকে পুরো জায়গাটি, ফলে চারদিকে তেল-মশলার গন্ধ ছড়িয়ে পড়তে পারে। তাই কম তেল মশলা যুক্ত খাবার এখানে তৈরি করতে হবে। এই যেমন-পাস্তা,কেক ও সালাদ। ড্রাই কিচেন কীভাবে সাজাচ্ছেন-তার উপর নির্ভর করে কতটুকু জায়গা ব্যবহার করবেন। এই ধরনের রান্নাঘরে মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ ও অবশ্যই কিচেন হুড থাকতে হবে। যাতে ঘর ধোয়াচ্ছন্ন না হয়। এখানে কিচেন ক্যাবিনেট বা তাক করতে পারেন। যাতে বিশেষ তৈজসপত্র রাখা যাবে। একটু উঁচু চেয়ার রাখতে পারেন। আপনি রান্না করবেন আর বন্ধুরা পাশে বসে গল্প করবে। এই রান্নাঘরকে আরেকটু আর্কষণীয় করে তুলতে ছাদ থেকে ঝোলানো বাতি ব্যবহার করা যেতে পারে।