শচীন টেন্ডুলকার ব্র্যান্ডের স্মার্টফোন!

ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামে স্মার্টফোন আসছে! হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে। ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্মার্টরন এই ফোন আনছে বলে বাজারে খবর রটেছে। চলতি বছরের এপ্রিল মাস নাগাদ নতুন এই স্মার্টফোনের দেখা মিলতে পারে। এটাই হবে মোবাইল ফোনের জগতে শচীন টেন্ডুলকারকে নিয়ে প্রথম স্মার্টফোন ব্র্যান্ড।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, সম্প্রতি স্মার্টরনের জন্য মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিংয়ে অংশ নেন শচীন। রিমো এসআরটি প্রকল্পের আওতায় এই স্মার্টফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি।
এক বছরের মধ্যে স্মার্টরনের এটি তৃতীয় পণ্য হবে। এর আগে টি ডট ফোন ও টি ডট বুক নামের দুটি পণ্য এনেছে প্রতিষ্ঠানটি।আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের সময় শচীন টেন্ডুলকারের হাতে থাকা ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও শচীন টেন্ডুলকারের স্বাক্ষর দেখা গেছে।
অবশ্য নতুন স্মার্টফোনটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: আইএএনএস