শত বছরের ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে আজকের এই জব্বারের বলীখেলা
শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে আজকের এই জব্বারের বলীখেলা

ব্রিটিশবিরোধী আন্দোলন তখন দানা বাঁধছে। সেটা ১৯০৯ সাল, বাংলা ১৩১৫। চট্টগ্রামের বদরপাতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ভাবছিলেন কীভাবে সংগঠিত করা যায় এ দেশের যুবকদের। বাঙালি প্রকৃতিগতভাবে দুর্বল—এমন ধারণা তো প্রচলিত ছিলই। এই দুর্নাম ঘোচানোর উপায় খুঁজছিলেন তিনি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুবকদের জাগিয়ে তুলে সাহস ও শক্তির প্রকাশ ঘটানোর জন্য অভিনব এক পরিকল্পনা এল তাঁর মনে। তিনি আয়োজন করলেন বলীখেলার।
বলীখেলার আভিধানিক নাম মল্লযুদ্ধ বা কুস্তি প্রতিযোগিতা। চট্টগ্রামে এই খেলা চলে আসছে প্রাচীনকাল থেকে। দুই বলী (কুস্তিগির) মুখোমুখি হবেন শক্তি ও কসরতের লড়াইয়ে। প্রতিপক্ষকে ধরাশায়ী করে কয়েক মুহূর্ত তাঁর পিঠ মাটিতে ঠেকিয়ে রাখতে পারলে জয় নিশ্চিত হয় এ খেলায়। প্রাচীন এই খেলা নতুন মাত্রা পেল আবদুল জব্বারের উদ্যোগের মধ্য দিয়ে। সাহস ও শৌর্যের সঙ্গে যুক্ত হলো দেশের প্রতি ভালোবাসা, দেশের জন্য লড়াই করার প্রেরণা।
বাংলা ১৩১৫ সালের (১৯০৯) ১২ বৈশাখ প্রথমবারের মতো এ আয়োজন হয়েছিল চট্টগ্রামের লালদীঘির ময়দানে। সেই থেকে একই দিনে অব্যাহতভাবে বসছে বলীখেলার আসর। উদ্যোক্তার নামের সঙ্গে মিলিয়ে এর নাম আবদুল জব্বারের বলীখেলা। সেই প্রথমবার যেমন সারা দেশ থেকে, এমনকি পার্শ্ববর্তী মিয়ানমার থেকে দলে দলে বলীরা এসে ভিড় জমিয়েছিলেন, সেই রেওয়াজ এখনো আছে।
বলীখেলাকে ঘিরে বসে বৈশাখী মেলা। কি বৈচিত্র্যে, কি আয়োজনের পরিসর বিবেচনায় এটি এখন দেশীয় পণ্যের বিকিকিনির সুবিশাল মেলা। সুদীর্ঘ কাল ধরে বলীখেলার আয়োজনটি বংশপরম্পরায় টিকিয়ে রেখেছেন আবদুল জব্বারের পরিবার।