শতবর্ষী বিদ্যালয়ের তথ্য এখন ওয়েবসাইটে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অবস্থিত শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়টি ১১৫ বছরের পুরোনো। সম্প্রতি এ শতবর্ষী স্কুলটিকে ডিজিটাইজ করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হলেন তৎকালীন জমিদার মোহিনী কিশোর রায় বাহাদুর। এই প্রতিষ্ঠান থেকে পাশ করা অসংখ্য শিক্ষার্থী ছড়িয়ে আছে দেশ-বিদেশে। কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে।
বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এখন প্রযুক্তির দ্রুত প্রসার ঘটছে। গ্রাম অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। শতবর্ষী এ বিদ্যালয়টিকেও ডিজিটাইজ করা হচ্ছে। বিদ্যালয়ের একটি ওয়েবসাইট (http://shyamgrammkhighschool.com/) তৈরি করা হয়েছে। এখন থেকে বিদ্যালয়ের সব তথ্য পাওয়া যাবে ওই ওয়েবসাইটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ বলেন, বিদ্যালয়টির বয়স ১১৫ বছর। বিভিন্ন সমস্যার কারণে শতবর্ষ উদ্যাপন করা হয়নি। শিক্ষার্থী ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহযোগিতায় এবার শতবর্ষ উদ্যাপন করা হবে। সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সব ছাত্রছাত্রী এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়কে অনলাইনে আনা হচ্ছে। অনুষ্ঠানের নিবন্ধন থেকে শুরু করে বিদ্যালয়ের সব তথ্য এখন থেকে পাওয়া যাবে অনলাইনে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে হবে ৩১ ডিসেম্বর। আর অনুষ্ঠান হবে আগামী বছরের ১৬ জানুয়ারি।
অনুষ্ঠানটির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া বলেন, প্রাচীন এই বিদ্যালয়টি ১১৫ বছর অতিক্রম করেছে যা নবীনগর কুমিল্লার জন্য একটি মাইল ফলক। সবার সহযোগিতায় এর শতবর্ষ উদ্যাপন করা হবে। প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়টিকে অনলাইনে আনতে পেরে আমরা গর্বিত।