শনি গ্রহের অবস্থান নির্ণয়
শনি গ্রহ এবং এর কয়েকটি উপগ্রহের অবস্থান আগের যেকোনো সময়ের চেয়ে নিখুঁতভাবে নির্ণয় করা হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) জ্যোতির্বিজ্ঞানীরা এমনটিই দাবি করছেন। আর এ জন্য তাঁরা গোটা মহাদেশের সমান এলাকাজুড়ে বিস্তৃত একটি রেডিও টেলিস্কোপের সাহায্য নিয়েছেন।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, শনি গ্রহের অবস্থান সম্পর্কিত নতুন এ তথ্য আমাদের সৌরজগৎ ও তার বাইরের পরিমণ্ডল নিয়ে গবেষণায় কাজে লাগবে। পাশাপাশি শনি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ এবং মহাকাশে দিকনির্ণয়ে সহায়ক হবে।
শনির অবস্থান নির্ণয়ের এই হিসাব-নিকাশের জন্য ক্যাসিনির পাঠানো সংকেত ব্যবহার করা হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) মহাকাশযান ক্যাসিনি ২০০৪ সাল থেকে শনিকে প্রদক্ষিণ করছে। বলয়ঘেরা শনি গ্রহটি পৃথিবী থেকে প্রায় শতকোটি মাইল দূরে অবস্থিত। এটির সঠিক অবস্থান নির্ণয়ের জন্য যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে ভার্জিন আইল্যান্ডস পর্যন্ত ছড়ানো ১০টি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। এটি আসলে ১০টি অংশে বিভক্ত এক সুবিশাল টেলিস্কোপ বা দূরবীক্ষণযন্ত্র, যা ভেরি লং বেসলাইন অ্যারে (ভিএলবিএ) নামে পরিচিত।
নাসার জ্যোতির্বিজ্ঞানীদের এ গবেষণা প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজের সিয়াটল শহরে আমেরিকান অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক ডেটন জোন্স বলেন, বিশাল ভৌগোলিক অবস্থানের কারণে ভিএলবিএ অত্যন্ত সূক্ষ্ম (রেজল্যুশন) ও উন্নতমানের ছবি তুলতে পারে এবং সেগুলোর সাহায্যে বিভিন্ন কোণ থেকে অতি দূরবর্তী কিছুর অবস্থান পরিমাপ করতে পারে। এর আগে শনির অবস্থান সম্পর্কে সবচেয়ে ভালো যে আনুমানিক হিসাব পাওয়া গিয়েছিল, তার যথার্থতা এখনকার চেয়ে প্রায় ২০ গুণ কম। ভিএলবিএ প্রযুক্তিটি আগে ব্যবহৃত প্রযুক্তিগুলোর চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য পরিমাপ বা হিসাব দিতে পারে।
আর শনির মতো সুবিশাল গ্রহের অবস্থানের ব্যাপারে সঠিক হিসাব পাওয়াটা জ্যোতির্বিদদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে শনির কক্ষপথ এবং গতিবিধি এবং আমাদের সৌরজগতে শনি ও বৃহস্পতির প্রভাব সম্পর্কে আরও জানার সুযোগ পাওয়া যাবে। জোন্স বলেন, শনি গ্রহ বা তার কোনো উপগ্রহে মহাকাশযান পাঠাতে চাইলে তাদের অবস্থান এবং গতিপথ সঠিকভাবে জানা জরুরি।
সূত্র: বিবিসি