শনির চাঁদে ‘বরফ বন্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে যেভাবে বরফের পুরু আচ্ছাদন ধসে নীচে নামতে থাকে, ঠিক একইভাবে শনির চাঁদ আইয়াপেটাসেও বরফের বিশাল বন্যা পাহাড় থেকে নীচের দিকে নামতে থাকে। বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।শনির চাঁদ আইয়াপেটাসের এ বরফ বন্যা পৃথিবীর কোনো ভূমিধস, বা তুষার ধসের চেয়েও বিশাল আকার ধারণ করে। সৌরজগতের ষষ্ঠ গ্রহ শনির ৬২ টি চাঁদের একটি হচ্ছে বরফ আচ্ছাদিত আইয়াপেটাস। এ উপগ্রহটির প্রাকৃতিক ভিন্নতা নিয়ে সম্প্রতি গবেষকেরা ভাবতে শুরু করেছেন। আইয়াপেটাসে হিমবাহ বা বরফের বিশাল আস্তরণ ধসে নীচের দিকে গড়িয়ে নামছে। এ ঘটনার কোনো ব্যাখা গবেষকদের তত্ত্বের সঙ্গে মেলে না বলেই তাঁরা ঘটনাটিকে সৌরজগতে বিরল বলেই ধারণা করছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক কেলস্কি সিঙ্গার আইয়াপেটাসের ছবি বিশ্লেষণ করার সময় বিশাল বরফের আস্তরণের গড়িয়ে চলার বিষয়টি লক্ষ্য করেন। আইয়াপেটাসে পৃথিবীর মাউন্ট এভারেস্টের তুলনায় দ্বিগুণ, প্রায় ১২ মাইলেরও বেশি উচ্চতার পর্বতশ্রেণি রয়েছে।নেচার জিওসায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে সিঙ্গার জানিয়েছেন, আইয়াপেটাসে বরফের এই সামনে এগিয়ে চলার দৃশ্য দেখার কথা ভাবতেই পারিনি! এটা অনেকটা পৃথিবীতে দীর্ঘসময় ধরে সমতলের দিকে বরফ গড়িয়ে চলার মত বিষয়। পৃথিবীতে সাধারণত বরফ যে উচ্চতা থেকে পড়ে তার চেয়ে দ্বিগুণ দুরত্ব অতিক্রম করে। কিন্তু আইয়াপেটাসে বরফের বন্যার মত তা ২০ থেকে ৩০ গুন দুরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে আইয়াপেটাসের ভূপৃষ্ঠের কোনো বস্তুর প্রভাবে এটা ঘটতে পারে। আইয়াপেটাসের এ বরফ বন্যা নিয়ে গবেষকেরা নানা তত্ত্ব হাজির করলেও বিষয়টি পৃথিবীতে পরীক্ষার সুযোগ নেই বলে কেউ একমত হতে পারেননি। সিঙ্গার ও তাঁর দল নাসা’র ক্যাসিনি মহাকাশযান থেকে ২০০৭ সালের সেপ্টেম্বর ও ২০০৪ সালের ডিসেম্বর মাসে তোলা ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন, বরফের মধ্যে উলম্ব ও অনুভূমিকভাবে এক ধরনের সংঘর্ষ ঘটতে থাকে; এতে গড়িয়ে পড়ার মত যথেষ্ট পিচ্ছিল হলে তারপর বরফ গড়াতে শুরু করে। গবেষকেরা জানিয়েছেন, আইয়াপেটাসের এ বরফ বন্যা পঞ্চাশ মাইল পর্যন্ত বিস্তৃত। শনির চাঁদে বরফের ধসে পড়ার বিষয়টি নিয়ে গবেষণার ফল পৃথিবীতে হিমবাহ ধসের বিষয়ে গবেষণায় কাজে লাগানো যাবে বলেই আশা করছেন গবেষকেরা।