শপিংয়ের গল্প
শুরু হয়ে গেছে ঈদের শপিং। মাথায় বাজ পড়তে শুরু করেছে পরিবারের কর্তাদের। বজ্রপাতের হুমকি মাথায় নিয়ে অফিসে গেলেন হাসমত উল্লাহ আঙ্কেল। কিছুক্ষণ পর আন্টির একের পর এক মিসড কলের শিকার হয়ে গেলেন বসের কাছে—

: স্যার, আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দেবেন? আমার স্ত্রীকে নিয়ে একটু ঈদের শপিংয়ে যেতে হবে।
: না, কোনো ছুটি নেই।
: থ্যাঙ্ক ইউ স্যার, আপনি আমাকে বাঁচালেন!

: সামনে ঈদ, শপিংটপিং করব। আমার পাওনা টাকা দেবেন কিনা বলেন?
: আজ পারছি না, কাল দিয়ে দেব।
: ও কথা অনেক শুনেছি। আজ এক্ষুনি টাকা দিতে হবে।
: দেব না, কী করবেন?
: কিছুই করব না, শুধু আপনার অন্য পাওনাদারদের বলব যে আপনি আমার পাওনা টাকা মিটিয়ে সিঙ্গাপুরে শপিংয়ে যাওয়ার প্ল্যান করছেন।

বেলাল সাহেব তাঁর স্ত্রীকে বললেন, ‘ওগো শুনছ, সর্বনাশ হয়ে গেল!’
স্ত্রী বললেন, ‘কী হয়েছে?’
বেলাল সাহেব কাঁদো কাঁদো হয়ে বললেন, ‘আজ ঈদের শপিং করব বলে ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে বাসায় আসছিলাম। পথে দুই ছোকরা পিস্তল ঠেকিয়ে বলল, হয় টাকা দে, নইলে জান দে।’
বেলাল সাহেবের স্ত্রী খেপে গিয়ে বললেন, ‘আর তুমিও বোকার মতো টাকাটাই দিয়ে এলে!’

ঈদ শপিংয়ের টেনশন, বিরক্ত লাগছে পাশে বেজে ওঠা টেলিফোনের শব্দও। রিসিভ করলেন সুজন সাহেব। অপর প্রান্তে সুরেলা নারীকণ্ঠের আওয়াজ, ‘হ্যালো...’।
সুজন: হ্যালো।
অপর প্রান্ত থেকে: আচ্ছা, গতকাল যে শাড়িটা ১২ হাজার টাকা চাইছিল, আজ সেটা ১০ হাজারে দিচ্ছে। শাড়িটা কি কিনে ফেলা উচিত না, বলো? এই ঈদে দামি শাড়িই চলছে।
সুজন: অবশ্যই।
অপর প্রান্ত থেকে: আর শোনো, এখানকার একটা গয়নার দোকানে ১০ শতাংশ ছাড়ে গয়না বিক্রি করছে। গত মাসে যে নেকলেসটা কেনা হয়নি, সেটা কিনে ফেলি, কী বলো?
সুজন: অবশ্যই।
অপর প্রান্ত থেকে: আমার মা আর বোনের জন্য দুটো শাড়ি পছন্দ হয়েছে, গত ঈদে ওদের কিছুই দাওনি, এবার কিন্তু না করতে পারবে না।
সুজন: ভালো তো, না করব কেন?
অপর প্রান্ত থেকে: ওহ্! অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি বাসায় আসো। রাতে তোমাকে দেখাব কী কী কিনলাম। রাখি।
ফোন রেখে অফিসের অন্যদের দিকে তাকালেন সুজন, ‘কেউ কি বলতে পারেন, এটা কার ফোন ছিল?’