শব্দ-সুরের জাদুকর!
চড়া দামে কিছু কেনার পর তা নিয়ে যদি হতাশ হতে হয় কারইবা ভালো লাগে? তেমনি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন শব্দবিজ্ঞানী ও প্রকৌশলী অমর গোপাল বোসও। গান শোনার লাউডস্পিকার নিয়ে অসন্তুষ্ট বোস শেষমেষ নিজেই উদ্ভাবন করেছিলেন নতুন প্রজন্মের লাউডস্পিকার। দোকানে ভালোমানের অডিও সিস্টেম কিনতে গেলে মনে যে নামটি এখন সবার আগে আসে সেটি-‘বোস’। বোস নামের এ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও দূরদর্শী বাঙালি উদ্ভাবক অমর গোপাল বসু আজ আর নেই।যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান বোস করপোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অমর বোস শব্দবিজ্ঞানবিষয়ক প্রযুক্তির অন্যতম পথিকৃত্ ছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত অমর বোসের বয়স হয়েছিল ৮৩। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।বোস করপোরেশনের প্রেসিডেন্ট বব মারেসকা গত শুক্রবার অমর বোসের মৃত্যুর খবর জানিয়েছেন। এ শব্দবিজ্ঞানী ও প্রকৌশলী যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজিতে গবেষণা করেছিলেন। সুস্পষ্ট শব্দের ছোট আকারের রেডিও এবং বিমানযাত্রায় ব্যবহূত শ্রুতিকটু আওয়াজমুক্ত হেডফোনের জন্য বোস করপোরেশনের সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটির পণ্যসমূহের মধ্যে আরও রয়েছে হোম থিয়েটার উপকরণ ও কম্পিউটার স্পিকার।প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগত এ প্রতিষ্ঠানটির অ্যাকুস্টিক ইঞ্জিনিয়ারিঙে নতুন নতুন উদ্ভাবনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন অমর বোস। যদিও বোসের তৈরি স্পিকারগুলোর দাম বাজারের অন্যান্য স্পিকারের তুলনায় বেশি, তবুও সুস্পষ্ট শব্দের কারণে দারুণ জনপ্রিয়। অর্থ-বিত্তের চিন্তা না করেই অমর বোস দীর্ঘদিন ধরে অডিও সিস্টেমের গবেষণার কাজে অর্থ লগ্নি করার ঝুঁকি নিয়েছিলেন। বিশাল অঙ্কের অর্থের হাতছানি থাকলেও শব্দ প্রকৌশল বিষয়ে স্বাধীন গবেষণার স্বার্থে অমর বোস কখনোই তার প্রতিষ্ঠান বোস করপোরেশনকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করেননি। ২০০৪ সালে পপুলার সায়েন্স ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে অমর বোস জানিয়েছিলেন, ‘আমি কখনও অর্থ আয়ের জন্য ব্যবসা করতে আসিনি, আমি ব্যবসা করি যাতে মজার মজার পণ্য উদ্ভাবন করতে পারি।’ তিনি সে সময় আরও জানিয়েছিলেন, ‘আমি যেভাবে কাজ করি তাতে কোন কোম্পানিই আমাকে চাকরিতে রাখত না। তাই বলতে পারি আমি টাকা কামানোর জন্যে কোম্পানি খুলিনি, আমি এমন কিছু করতে চেয়েছি যা এর আগে কেউ কখনো করেনি।’