শব্দ-সুরের জাদুকর!

চড়া দামে কিছু কেনার পর তা নিয়ে যদি হতাশ হতে হয় কারইবা ভালো লাগে? তেমনি বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন শব্দবিজ্ঞানী ও প্রকৌশলী অমর গোপাল বোসও। গান শোনার লাউডস্পিকার নিয়ে অসন্তুষ্ট বোস শেষমেষ নিজেই উদ্ভাবন করেছিলেন নতুন প্রজন্মের লাউডস্পিকার।
দোকানে ভালোমানের অডিও সিস্টেম কিনতে গেলে মনে যে নামটি এখন সবার আগে আসে সেটি-‘বোস’। বোস নামের এ প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও দূরদর্শী বাঙালি উদ্ভাবক অমর গোপাল বসু আজ আর নেই।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত অডিও প্রযুক্তি প্রতিষ্ঠান বোস করপোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অমর বোস শব্দবিজ্ঞানবিষয়ক প্রযুক্তির অন্যতম পথিকৃত্ ছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত অমর বোসের বয়স হয়েছিল ৮৩। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বোস করপোরেশনের প্রেসিডেন্ট বব মারেসকা গত শুক্রবার অমর বোসের মৃত্যুর খবর জানিয়েছেন। এ শব্দবিজ্ঞানী ও প্রকৌশলী যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজিতে গবেষণা করেছিলেন।
সুস্পষ্ট শব্দের ছোট আকারের রেডিও এবং বিমানযাত্রায় ব্যবহূত শ্রুতিকটু আওয়াজমুক্ত হেডফোনের জন্য বোস করপোরেশনের সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটির পণ্যসমূহের মধ্যে আরও রয়েছে হোম থিয়েটার উপকরণ ও কম্পিউটার স্পিকার।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগত এ প্রতিষ্ঠানটির অ্যাকুস্টিক ইঞ্জিনিয়ারিঙে নতুন নতুন উদ্ভাবনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন অমর বোস। যদিও বোসের তৈরি স্পিকারগুলোর দাম বাজারের অন্যান্য স্পিকারের তুলনায় বেশি, তবুও সুস্পষ্ট শব্দের কারণে দারুণ জনপ্রিয়।
অর্থ-বিত্তের চিন্তা না করেই অমর বোস দীর্ঘদিন ধরে অডিও সিস্টেমের গবেষণার কাজে অর্থ লগ্নি করার ঝুঁকি নিয়েছিলেন। বিশাল অঙ্কের অর্থের হাতছানি থাকলেও শব্দ প্রকৌশল বিষয়ে স্বাধীন গবেষণার স্বার্থে অমর বোস কখনোই তার প্রতিষ্ঠান বোস করপোরেশনকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করেননি। ২০০৪ সালে পপুলার সায়েন্স ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে অমর বোস জানিয়েছিলেন, ‘আমি কখনও অর্থ আয়ের জন্য ব্যবসা করতে আসিনি, আমি ব্যবসা করি যাতে মজার মজার পণ্য উদ্ভাবন করতে পারি।’ তিনি সে সময় আরও জানিয়েছিলেন, ‘আমি যেভাবে কাজ করি তাতে কোন কোম্পানিই আমাকে চাকরিতে রাখত না। তাই বলতে পারি আমি টাকা কামানোর জন্যে কোম্পানি খুলিনি, আমি এমন কিছু করতে চেয়েছি যা এর আগে কেউ কখনো করেনি।’
বোসের সব কিছুই নিখুঁত চাই "
অমর বোসকে বলা হয় ‘পারফেকশনিস্ট’। শাস্ত্রীয় সংগীতের প্রতি তাঁর টান ছিল অসাধারণ। আর এ টান থেকে তাঁর শব্দ নিয়ে খেলা করার ইচ্ছা জেগেছিল। ১৯৫০ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউটের শিক্ষার্থী থাকার সময় একটি স্টেরিও সিস্টেম কিনেছিলেন তিনি। চড়াদামের সেই স্টেরিও সিস্টেমের শব্দ-কৌশল আর এর মান তাকে সন্তুষ্ট করতে পারেনি। শাস্ত্রীয় সংগীতের ভক্ত বোস এই স্টেরিও সিস্টেমে আওয়াজ শোনার পর হতাশ হয়ে নিজেই নতুন স্টেরিওর উদ্ভাবনে কাজ শুরু করেন।
অ্যাকুস্টিক ইঞ্জিনিয়ারিঙে তাঁর আগ্রহ বাড়তেই থাকে। তিনি বুঝতে পারলেন যে, কনসার্ট হলে ৮০ শতাংশ শব্দই পরোক্ষভাবে উত্পন্ন হয়। আর এ বোধ থেকে তিনি পদার্থবিজ্ঞানের মৌলিক ধারণা ব্যবহার করে গবেষণা চালিয়ে যান তিনি। ১৯৬০ সালে তিনি সাইকো-অ্যাকুস্টিকের ওপর ভিত্তি করে নতুন একটি স্টেরিও স্পিকার উদ্ভাবন করেন। সাইকোঅ্যাকুস্টিক হচ্ছে শব্দ উপলব্ধি সংক্রান্ত বিজ্ঞান।
তাঁর তৈরি এ স্পিকার বাজারে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে এবং ১৯৬৪ সালে তিনি বোস কোম্পানি প্রতিষ্ঠা করেন। শুরুতেই সামরিক বাহিনীর জন্য স্পিকার তৈরির কাজ পায় বোস। প্রথমে উদ্ভাবিত স্পিকার মানসম্মত না হওয়ায় আরও গবেষণা চালিয়ে যান এবং নতুন প্রজন্মের স্পিকার উদ্ভাবনের জন্য গবেষণায় মন দেন তিনি। ১৯৬৮ সালে বাজারে আনেন বোস ৯০১ ডাইরেক্ট/রিফ্লেক্টিং স্পিকার সিস্টেম যা টানা ২৫ বছর যুক্তরারে বাজারে বিক্রয়-শীর্ষে ছিল। পরে তিনি ওয়েভ রেডিও ও শ্রুতিকটু আওয়াজমুক্ত হেডফোন উদ্ভাবন করেন যা বিমানচালক ও সেনাবাহিনীর মধ্যে জনপ্রিয় হয়। স্টুডিও এবং বিমানে, যেখানে অবাঞ্ছিত শব্দ এড়ানো অপরিহার্য এমন ক্ষেত্রে বোস সিস্টেমকে শীর্ষস্থানীয় বলে বিবেচনা করা হয়। কনসার্ট হলের প্রতিটি আসন থেকে যেন সমান মানের সংগীত শ্রবণ সম্ভবপর হয় বোস সেটি নিশ্চিত করতে পেরেছিলেন তার সাউন্ড সিস্টেম ও সফটওয়্যারের মাধ্যমে। বোস সাউন্ড সিস্টেম যেসব ভবনে ব্যবহূত হয় তার মধ্যে রয়েছে ভ্যাটিকানের সিসটিন চ্যাপেল, লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টার এবং মক্কার কাবায় মসজিদ আল-হারাম। ১৯৮২ সালে মার্সিডিজ ও পোরশের মতো বিখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো গাড়িতে বোস অডিও সিস্টেম গাড়িতে যুক্ত করার ঘোষণা দেয়।
জীবন দর্শনের শিক্ষক
অমর বোসের গবেষণার প্রতি মনোযোগ তার শিক্ষকতার আবেগের সঙ্গে মিলে যায়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট থেকে তড়িত্-কৌশলের ওপর স্নাতক, মাস্টার্স ও ডক্টরেট করা অমর বোস ১৯৫৬ সালে শিক্ষক হিসেবে যোগ দেন এমআইটিতে। এখানে তিনি ৪৫ বছর ধরে শিক্ষকতা করেছেন। ২০০১ সালে তিনি এমআইটি থেকে অবসর নেন।
২০১১ সালে তার প্রতিষ্ঠান বোস করপোরেশনের অধিকাংশ শেয়ার এমআইটিকে দান করেছেন। তবে এমআইটি কখনও এ শেয়ার বিক্রি বা তা ব্যবহার করে বোস করপোরেশনকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না।
অমর বোস শুধু তড়িত্-কৌশল পড়াতেন না। জনপ্রিয় অ্যাকুস্টিক কোর্সগুলোতে তিনি দর্শন, তড়িত্সহ নান বিষয় পড়াতেন।
ম্যাসাচুসেটসের প্রফেসর ওপেনহেইম বোসের শিক্ষকতা প্রসঙ্গে বলেন, ‘তিনি শুধু অ্যাকুস্টিক নিয়ে বলতেন না জীবনের জন্য প্রয়োজনীয় দর্শন, আচরণ নিয়েও বলতেন। অসাধারণ মানের একজন মানুষ বলতে যা বোঝায় বোস ছিলেন তাই।’
অমর বোসের ছাত্র ও বর্তমান সাল্ক ইনস্টিটিউটের প্রধান উইলিয়াম ব্রডি জানিয়েছেন, ‘তাঁর কাছে আমি জীবনের অতি ঝুঁকিপূর্ণ সমস্যা সমাধানের সাহস ও দক্ষতা শিখেছি যা ভবিষ্যতে সফলতার জন্য জরুরি। কীভাবে চিন্তা করতে হয়, অমর বোস তা শিখিয়েছিলেন।’
ব্যক্তিগত জীবন
অমর গোপাল বোসের জন্ম ১৯২৯ সালের ২ নভেম্বর। অমর গোপাল বোসের বাবা ননী গোপাল বোস স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় পড়াশোনার সময় বিপ্লবী হিসেবে জেল খাটেন ননী গোপাল। পরে ১৯২০ সালে তিনি আমেরিকা পালিয়ে যান, সেখানে বিয়ে করেন একজন আমেরিকান স্কুলের শিক্ষিকাকে। ১৯২৯ সালে ফিলাডেলফিয়াতে জন্ম হয় অমর বোসের । অমর বোসের বয়স যখন ১৩ বছর তখন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এসময় অর্থ উপায়ের জন্য ফিলাডেলফিয়াতে ইলেকট্রনিক পণ্য সারার একটি দোকানে কাজ করেন তিনি। ১৯৪৭ সালে তিনি এমআইটিতে ভর্তি হন তিনি।
অমর বোস তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় ও সাঁতারু ছিলেন। হাওয়াইতে তিনি বছরের বেশ কয়েকটা দিন ব্যাডমিন্টন খেলে আর সাঁতার কেটেই অবসর কাটাতেন। দুইটি বিয়ে করেছিলেন অমর বোস। প্রথম পক্ষের স্ত্রী প্রেমার দুই সন্তান। একজন হচ্ছেন ক্যামব্রিজের ভানু ইনকরপোরেশনের কর্ণধার ভানু বোস ও আরেকজন হচ্ছেন মায়া বোস। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম উরসুলা।