শমশেরনগরে অনলাইন ব্যাংকিং কার্যক্রম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সোনালী ও পূবালী ব্যাংকের অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। গত এপ্রিল মাসের শেষে শমশেরনগরে সোনালী ও পূবালী ব্যাংকে অনলাইন কার্যক্রম শুরু হয়। প্রথম অবস্থায় তথ্য না জানার কারণে গ্রাহকেরা এ সেবা নিতে পারেননি। গত সোমবার শমশেরনগরে সোনালী ও পূবালী ব্যাংকে গিয়ে দেখা যায়, অনেক গ্রাহক অনলাইন সার্ভিসে দেশের বিভিন্ন স্থানে লেনদেন করছেন। সোনালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক হরি মোহন সিংহ জানান, অনলাইনের সুফল বুঝতে পেরে গ্রাহকেরা এ পদ্ধতিতে লেনদেন করছেন। এ পদ্ধতিতে টিটির মতো কোনো ডাকমাশুল দিতে হয় না। দ্রুত সময়ে গন্তব্যে টাকা পৌঁছে যাচ্ছে। ব্যাংকের ব্যবস্থাপক আরও বলেন, গত কয়েক দিনে অনলাইনে বৈদেশিক রেমিট্যান্স আসা বৃদ্ধি পেয়েছে। সামনে ঈদ, তাই আগামী সপ্তাহে ১০ দিন অনলাইনে অস্বাভাবিক হারে বৈদেশিক রেমিট্যান্স আসবে বলে তিনি আশা করেন।শমশেরনগরে পূবালী ব্যাংকে গিয়ে দেখা যায় একই চিত্র। পূবালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, গত এপ্রিল থেকে তাঁর শাখায় অনলাইন সার্ভিস চালু হলেও মে-জুন থেকে গ্রাহকেরা এই সেবা গ্রহণ করছেন। এই শাখায় কমলগঞ্জ উপজেলা ছাড়া শমশেরনগরের কুলাউড়া ও রাজনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের প্রবাসীদের ব্যাংক হিসাব রয়েছে। তা ছাড়া ব্যবসায়ীরা এই শাখার মাধ্যমে অনলাইনে লেনদেন করে থাকেন। শাখা ব্যবস্থাপক আরও বলেন, ৪ ও ৫ আগস্ট মাত্র দুটি হিসাবে ৫০ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স আসে অনলাইনে। দুটি ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা আরও বলেন, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি এক্সচেঞ্জ ছাড়া বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানি প্রতিদিন অনলাইনে লেনদেন করছে। —মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার)