শরণার্থী শিবির থেকে ক্রিকেটের ময়দানে

আফগানিস্তানের কয়েকটি শহরে গত বছরের অক্টোবর মাসে হাজার হাজার মানুষ সমবেত হয়ে উল্লাস করে। এই উল্লাসের পেছনের কারণ ছিল, প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্বকাপে দেশটির খেলার যোগ্যতা অর্জন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী বছর বসবে সেই বিশ্বকাপের আসর।
ক্রিকেট খেলাটি যে দেশে জনপ্রিয় ছিল না এবং যে দেশের মানুষ দশকব্যাপী যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য লড়াই করছে, সেখানে ক্রিকেটে অর্জিত এই সাফল্য নিশ্চয়ই একেবারে ফেলনা নয়। কিন্তু কীভাবে খেলাটির শীর্ষ পর্যায়ে পৌঁছানোর কাজটি সম্ভব করল আফগানিস্তান? উত্তরটি আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসের অন্যান্য ঘটনার মতোই লুকিয়ে আছে পাকিস্তানের বিভিন্ন শরণার্থী শিবিরে। আফগানিস্তানের সাধারণ মানুষ ১৯৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই থেকে পালিয়ে ওই সব আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়।
ব্রিটিশ শাসকগোষ্ঠী দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো আফগানিস্তানে ক্রিকেট ঐতিহ্য তেমন জোরালোভাবে চালু করেনি। কিন্তু প্রতিবেশী পাকিস্তানে খেলাটা বেশ দাপটের সঙ্গেই অবস্থান করে নিয়েছিল। সেখানকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানকালে ক্রিকেটের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা হয়ে যায় দেশত্যাগী আফগান শিশু-কিশোরদের। পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। তত দিনে দেশটিতে ক্রিকেট নিয়ে উন্মাদনা অনেক দূর বিস্তার লাভ করে। সেখানকার শহর থেকে গ্রামের প্রতিটি মাঠ তো বটেই, রাস্তায় আর অলিগলিতেও ক্রিকেট খেলার দৃশ্য অতি পরিচিত হয়ে ওঠে। বলাবাহুল্য, শরণার্থীরাও সেই নতুন খেলায় অবাধ অংশ নেওয়ার সুযোগ পায়।
আফগানিস্তানে ক্রিকেটের প্রবর্তক হিসেবে যিনি কৃতিত্বের দাবিদার, তিনি দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রশিক্ষক (কোচ) তাজ মালুক। ১৯৯০ সালে তিনি প্রথম নিজ দেশে একটি জাতীয় ক্রিকেট দল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তিনিও ছিলেন পাকিস্তানে আশ্রিত সেই দেশত্যাগী আফগানদের একজন। তিন ভাইয়ের সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলতেন আর খোঁজ রাখতেন সব রকমের আন্তর্জাতিক ম্যাচের। একই পরিবেশে ছিলেন কলিম সাদিক। তিনি আফগান ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যানদের একজন। পাকিস্তানের কাচা কারা আশ্রয়কেন্দ্রে থাকাকালে ক্রিকেটের নেশায় পড়েন তিনি। দিনের বেলায় খেলতেন আর রাতে কাজ করতেন দেশলাই কারখানার শ্রমিক হিসেবে। খাবার জোগাড় করার পয়সা নেই পর্যাপ্ত, উপার্জনের জন্য পরিবারের অব্যাহত চাপ তো আছেই। এসবের মধ্যেও নিজের স্বপ্নের হাতছানি উপেক্ষা করা কঠিন ছিল তাঁর জন্য। তাই ক্রিকেট খেলাটা চালিয়ে যান শত বাধার মুখেও। আর তাজ মালুক একটি জাতীয় দল প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে চৌকস ক্রিকেটারের সন্ধান করতে থাকেন। তিনি অপছন্দ করতেন ইতিমধ্যে পাকিস্তানের বিভিন্ন দলে অন্তর্ভুক্ত আফগান ছেলেদের। তাদের কাবুলে ফিরে গিয়ে ক্রিকেট খেলতে উৎসাহ দিতেন মালুক। ব্যাপারটি ভালো চোখে দেখতেন না ওই ছেলেদের অভিভাবকেরা।
মালুকের উদ্যম শেষ পর্যন্ত জয়ী হয়। কাবুলে ১৯৯৫ সালে অলিম্পিক কমিটির পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় আফগান ক্রিকেট ফেডারেশন, যদিও তালেবান শাসনামলে দেশটিতে প্রকাশ্য খেলাধুলা কার্যত নিষিদ্ধ ছিল। ফুটবল খেলোয়াড়দের পোশাক আফগানিস্তানে ‘অনৈসলামিক’ বিবেচিত হলেও ক্রিকেটারদের দীর্ঘ সাদা পোশাক নিয়ে সেই সমস্যা হয়নি। আর পাকিস্তানফেরত তালেবানের অনেকেও ক্রিকেট খেলাটির আকর্ষণ এড়াতে পারেননি। এমনও দেখা গেছে, ক্রিকেটারদের পুরস্কার দিচ্ছেন খোদ তালেবান সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা!
মার্কিন বাহিনীর নেতৃত্বে তালেবান সরকারকে উৎখাতের পরও ক্রিকেটের সম্প্রসারণে নানাবিধ সমস্যা রয়ে যায়। খেলাটির স্বার্থে নতুন সরকারের কাছে বিভিন্ন সাহায্যের আবেদন করেন মালুক। সরকার জানিয়ে দেয়, বিদেশি খেলাটির জন্য তারা অর্থ ব্যয় করতে অনাগ্রহী। তার পরও খেলাটি ছড়িয়ে পড়তে থাকে। বন্ধুবান্ধব ও পরিচিত শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পান মালুক। এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তানে ক্রিকেট সম্প্রসারণে বিভিন্ন সহায়তা দিচ্ছে, বিশেষ করে তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রতিষ্ঠার জন্য। পাকিস্তান সীমান্তসংলগ্ন পশতুন-অধ্যুষিত এলাকাগুলোয় প্রথম ক্রিকেটের প্রসার ঘটে। এখন সেটা গোটা আফগানিস্তানেই ছড়িয়ে পড়ছে। দেশটির জাতীয় দলেও রয়েছে প্রায় সব অঞ্চলের বাসিন্দাদের উপস্থিতি। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের চূড়ান্ত লড়াইয়ে শামিল হয়েছিলেন বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এই সাফল্য উদ্যাপনে পশতুন সম্প্রদায়ের পাশাপাশি দেখা গেছে হাজারা, আজবেক, তাজিক প্রভৃতি জাতিগোষ্ঠীর লোকজনকেও।
সাদিক মনে করেন, ক্রিকেট দলের সাফল্য দেশটিতে খুশির জোয়ার বইয়ে দিয়েছে। তাঁর জীবনটাও বদলে গেছে পুরোপুরি। তিনি এখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে আফগান পতাকা ওড়াতে পেরে অত্যন্ত খুশি। এটি তাঁর দেশের একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার সুযোগও বটে। বাকি বিশ্ব এখন জানতে পারবে, আফগানিস্তান কেবল যুদ্ধ আর মাদকের দেশ নয়, বরং ভালোবাসা ও খেলাধুলার দেশও।
আশিস আচার্য, সূত্র: বিবিসি