শরণার্থীদের জন্য ফেসবুকের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার শরণার্থীদের ঢল ইউরোপের দিকে। মানবিক দিক বিবেচনায় নানাভাবে অনেকেই এগিয়ে আসছে শরণার্থীদের সহায়তায়। এবার এ তালিকায় যুক্ত হলো ফেসবুক। জাতিসংঘ শরণার্থী ক্যাম্পের সহায়তায় ইন্টারনেটের সাহায্যে কীভাবে সহায়তা করবে ফেসবুক, সে বিষয়ে বলেছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে দেওয়া এক বক্তব্যে জাকারবার্গ বলেন, ‘আমরা ইন্টারনেট ব্যবহার করে এমন একটি ব্যবস্থা করতে চাই, যাতে করে শরণার্থীরা নিজেদের মধ্যে যোগাযোগের পাশাপাশি পরিবারের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে এ গ্রহের সবার কাছে ইন্টারনেট পৌঁছানোর উদ্যোগের সঙ্গেও কাজ করবে ফেসবুক।’
জাতিসংঘের উন্নয়নবিষয়ক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ইন্টারনেট দারুণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে জাকারবার্গ বলেন, শরণার্থীদের সহায়তা করার ক্ষেত্রে ফেসবুক একটি দারুণ মাধ্যম হতে পারে। নিজেদের মধ্যে যোগাযোগ, সহায়তা পাওয়া থেকে শুরু করে পরিবার এবং প্রিয়জনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এর বিকল্প নেই। ‘কানেকটিভিটি ডিক্লারেশন’ শীর্ষক এ উদ্যোগে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, রক তারকা বোনোসহ অনেকেই কাজ করবেন বলে জানা গেছে।
বর্তমানে সারা বিশ্বে প্রায় ৩০০ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। এ উদ্যোগের সহায়তায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪০০ কোটি করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। বিবিসি