শরীফুল যেখানে সেরা

চোখের জন্য চশমাকে সবাই মেনে নিয়েছেন, অথচ কানের জন্য যে হিয়ারিং এইড—তা নিয়ে সমস্যা এখনও কাটেনি। যাঁরা কানে কম শোনার যন্ত্র হিয়ারিং এইড ব্যবহার করেন, তাঁদের নিয়ে সমাজে রয়েছে এক ধরনের নেতিবাচক ধারণা। এ কারণে যাঁরা কানে কম শোনেন, তাঁরা প্রায়ই নিরুৎসাহিত হন হিয়ারিং এইড ব্যবহারে। এর ফলে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে তাঁদের ব্যক্তিগত ও পেশাজীবনে।প্রতিবছর বহু মানুষের ভোগান্তির কারণ হওয়া এ বিষয়কে নিয়ে সচেতনতা তৈরি করতেই ডেনমার্কের ওটিকন ফাউন্ডেশন ও আইডিএ ইনস্টিটিউট যৌথভাবে অভিনব এক উদ্যোগ নেয়। এটি যে আসলে কোনো অসুন্দর বিষয় নয়, সে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতেই চালু করা হয় ‘আইডিয়াজ, স্পিক আপ অ্যাকশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফর হিয়ারিং লস’ নামের প্রতিযোগিতা। এখানে হিয়ারিং এইডের ব্যবহার ও দুর্বল শ্রবণশক্তির মানুষকে নিয়ে নেতিবাচক ধারণা দূর করার সৃষ্টিশীল আইডিয়া নিয়ে সারা বিশ্বের আইডিয়াবাজদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। এ প্রতিযোগিতা শেষ হয় ৩ এপ্রিল বিজয়ীদের নাম ও পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। এতে বিজয়ী তিনজনের মধ্যে একজন হয়েছেন বাংলাদেশের খালিদ মুহ. শরীফুল ইসলাম। মাইন্ডক্র্যাফটস অ্যাডভার্টাইজিং ক্রিয়েটিভের পরিচালক শরীফুলের আইডিয়া ছিল ‘ডিফ স্ট্যাচুস (লুক হু ইজ হিয়ারিং)’।
শরীফুল বলেন, ‘চশমা প্রচলিত হওয়ার সময় থেকে অনেক দিন পর্যন্ত এটি নিয়ে কিছু ভুল ধারনা। তাই সঠিক উদ্যোগ নিলে হিয়ারিং এইড নিয়ে বিদ্যমান ভুল ধারণাগুলো দূর করা সম্ভব হবে।’
শরীফুল যোগ করেন, ‘সৌন্দর্যের আদিতম উৎসগুলোর একটি হলো ভাস্কর্য। সে চিন্তা থেকেই “ডিফ স্ট্যাচুস (লুক হু ইজ হিয়ারিং)” আইডিয়াটি করি। আইডিয়া অনুযায়ী এক দিনের জন্য পৃথিবীর বিখ্যাত স্ট্যাচুদের পরিয়ে রাখা হবে হিয়ারিং এইড। এই বিশেষ হিয়ারিং এইড ডিজাইনের জন্য আহ্বান করা হবে ওই শহরের সব শিল্পীকে। সেদিন যাঁরাই আসবেন স্ট্যাচু দেখতে, তারা দেখবেন স্ট্যাচুর কানে লাগানো শৈল্পিক এক বিশেষ হিয়ারিং এইড। কৌতূহলী হয়ে যখন তাঁরা জানতে চাইবেন, স্ট্যাচু অব লিবার্টি অথবা ক্রাইস্ট দ্য রিডিমারের কানে ওটা কী, তখন তাঁদের জানানো হবে, হিয়ারিং এইড-সম্পর্কিত স্টিগমার কথা। বলা হবে, কীভাবে নিজে সচেতন হয়ে ও অন্যদের সচেতন করে তাঁরা সাহায্য করতে পারেন বহু মানুষকে।’
শরীফুল ইসলামের পাশাপাশি আরও যে দুজনের আইডিয়া শীর্ষ ৩-এ আছে, তাঁরা হলেন ডেনমার্কের ক্যাসপার রুবিন ও ইংল্যান্ডের কার্টিস এলকট।
বিশ্বের বিভিন্ন দেশের প্রায় এক হাজার ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আইডিয়ার মধ্যে সেরা তিন আইডিয়া কার্যক্রমে বিচারক ছিলেন বিজ্ঞাপনী সংস্থা সাচি অ্যান্ড সাচির সাবেক ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েটিভ ডিরেক্টর ও বিজ্ঞাপন বিশ্বের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বব ইশারউড। ছিলেন হিয়ারিং বিষয়ে গবেষণা করা শীর্ষ ব্যক্তিরাও। নিজের দারুণ সৃষ্টিশীল আইডিয়া দিয়ে ক্যালিফোর্নিয়ার অ্যানাহেইম থেকে পুরস্কার নিয়ে আসেন বাংলাদেশের শরীফুল।