বনানীতে সাদমানের ঘরে যদি যান, আপনার দেখা হয়ে যাবে সিলভেস্টার স্ট্যালনের সঙ্গে। হ্যাঁ, র্যাম্বোখ্যাত সেই বিখ্যাত হলিউড অভিনেতার কথাই বলছি! দেখবেন, কেমন মারমুখী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি! প্রিয় অভিনেতার এই পোস্টার সাদমানের ঘরে জায়গা পেয়েছিল সেই স্কুলজীবনে। ছোট্ট সাদমান সে সময়ই খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে র্যাম্বোর মতো দাঁত-মুখ খিঁচিয়ে কল্পিত শত্রুদের সাবধান করে দিত! স্মৃতিচারণা করতে করতে হাসলেন সাদমান, ‘র্যাম্বোর বিশাল ফ্যান ছিলাম। সিলভেস্টার স্ট্যালনকেও দারুণ লাগত। ভাবলাম, প্রিয় নায়কের মতো না হতে পারি, তাঁর মতো চমৎকার একটা শারীরিক গঠন তৈরির চেষ্টা তো করা
যায়।’ এখন সাদমান ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। নিয়ম করে জিমে হাজিরা দিচ্ছেন খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও আছে কঠোর নিয়ন্ত্রণ। চাই সিক্স প্যাক অ্যাবস(পেটের মাংসপেশী)।
সিক্স প্যাক-এইট প্যাক অ্যাবসবিশিষ্ট শারীরিক গঠনের জন্য আজকাল অনেক তরুণই জিমে ছুটছেন। সাদমানের মতো কারও আগ্রহ তৈরি হয়েছে প্রিয় নায়ককে অনুসরণ করতে গিয়ে। কারও মূল লক্ষ্য সুন্দর স্বাস্থ্য। মডেলিংয়ে আগ্রহীরাও সিক্স প্যাক-এইট প্যাক অ্যাবসের দিকে ঝুঁকছেন। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিফ বললেন ভিন্ন কথা। ‘মোটা হয়ে যাচ্ছিলাম।শোরুমগুলোয় এত সুন্দর সুন্দর টি-শার্ট, শার্ট—কোনোটাই ঠিকমতো গায়ে লাগে না। সুন্দর পোশাক পরলে যেন সুন্দর দেখায়, সে জন্যই প্রথম দিকে অ্যাবস বানানোর জন্য জিমে গিয়েছিলাম। কদিন পর দেখলাম শরীরটাও বেশ ঝরঝরা লাগে।’সুন্দর স্বাস্থ্য মানেই যে সিক্স প্যাক, এইট প্যাক অ্যাবস হতে হবে, তা না। এমনটাই বললেন গোল্ড জিমের প্রশিক্ষক মো. জহিরুল হোসেন। ‘সবার আগে, সুস্থ থাকাটাই বড় কথা। সিক্স প্যাক, এইট প্যাক অ্যাবস—এগুলো মানুষের নিজস্ব চাহিদা। শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়ামই যথেষ্ট। অ্যাবস বানালে যে শারীরিকভাবে আলাদা কোনো সুবিধা পাওয়া যায়, তা নয়। অ্যাবস তৈরি করতে সাধারণত ছয় মাস থেকে দুই
বছরের মতো সময় লাগে।

খাওয়াদাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলতে হয়। কিছু বিশেষ ব্যায়াম করতে হয়। জগিং, সাইকেল চালানো—পাশাপাশি এগুলোও জরুরি।’ঢাকা ও ঢাকার বাইরে এখন সব জায়গায়ই একটু খোঁজ করলে আশপাশে ব্যায়ামাগার পাওয়া যায়। তবে অ্যাবস তৈরি করতে হলে অবশ্যই একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে থাকা উচিত। খাদ্যাভ্যাস ও কী কী ব্যায়াম করতে হবে, সে ব্যাপারে তিনি নির্দেশনা দেবেন। না জেনে অ্যাবস তৈরির জন্য অনিয়ন্ত্রিত ব্যায়াম শুরু করলে অনেক সময় শারীরিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। তা ছাড়া সবার জন্য নিয়মগুলোও একই নয়। যদি অ্যাবস তৈরি করতে চান, একেক রকম শারীরিক গঠনের মানুষের জন্য খাদ্যাভ্যাস আর ব্যায়ামের ধাপগুলো আলাদা। এমনটাই জানালেন বিশেষজ্ঞরা।