শরীর থেকে সুর!
যুক্তরাষ্ট্রের কেনটাকির অধিবাসী পিটার কার্ন নিজের শরীরকে যন্ত্র হিসেবে ব্যবহার করে যন্ত্রসংগীত সৃষ্টি করতে পারেন। ল্যাপটপ, বৈদ্যুতিক তার ও দুটি মুদ্রা নিজের হাতে ধরে রেখে সিনথেইজার বা বিশ্লেষক যন্ত্র ব্যবহার করে সুর সৃষ্টি করতে পারেন সৃষ্টিশীল প্রযুক্তি লেখক কার্ন। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।মানুষের শরীরের তাপমাত্রা ব্যবহার করে সংগীত সৃষ্টির এই কৌশল বৃহস্পতিবার বার্লিনে প্রদর্শন করেছেন ৩৪ বছর বয়সী কার্ন। নিজের শরীরের প্রবাহিত বিদ্যুত্ ব্যবহারের মাধ্যমে সুর সৃষ্টি করে দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন ল্যাপটপের মনিটরে সুর সৃষ্টির প্রক্রিয়াটিও।শরীরের সাহায্যে সুর সৃষ্টি প্রসঙ্গে পিটার কার্ন জানান, মানুষের মনমেজাজের যখন পরিবর্তন ঘটে, তখন মস্তিষ্কের মতো তাঁর ত্বক সাড়া দেয়। ঘামের স্তর শরীরে বিদ্যুত্ প্রবাহের বিষয়টিতে প্রভাব ফেলে, যাকে বলা হয় ‘গ্যালভানিক স্কিন রেসপন্স’।