শরীরের ভেতর রোমাঞ্চকর অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীরের ভেতর ঢুকে কাজ সম্পন্ন করতে পারে এই খুদে রোবট
শরীরের ভেতর ঢুকে কাজ সম্পন্ন করতে পারে এই খুদে রোবট

রোবট ব্যবহার করে অস্ত্রোপচার এক জিনিস আর শরীরের ভেতর রোবট ঢুকিয়ে স্বয়ংক্রিয়ভাবে শরীর থেকে ক্ষতিকর কিছু অপসারণ করা আরেক জিনিস। গবেষকেরা দীর্ঘদিন ধরেই স্বয়ংক্রিয় পদ্ধতির ক্ষুদ্র রোবট তৈরিতে কাজ করে যাচ্ছেন। শরীরের ভেতর নির্বিঘ্নে চলাচল উপযোগী ও নির্দিষ্ট স্থানে ওষুধ সরবরাহকারী রোবট তৈরিতে সাফল্যের দ্বারে পৌঁছে গেছেন গবেষকেরা।

সম্প্রতি সুইডেনের স্টকহোমে রোবোটিকস অ্যান্ড অটোমেশন-বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির দুই গবেষক রোবোটিকস নিয়ে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। এই দুই গবেষক হলেন ড্যানিয়েলা রাস ও সুহেই মিয়াশিতা। তাঁরা এমন এক রোবট উদ্ভাবনের কথা বলেন, যা গিলে ফেলা যায়। এরপর সেই রোবট শরীরের ভেতরের ক্ষতিকর বিষাক্ত পদার্থ বা দ্রব্য দূর করতে পারে। এ রোবট তৈরিতে নমনীয় রোবট-প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গত কয়েক বছরের গবেষণায় এ রোবট তৈরি করা হয়েছে। রোবটটির আকৃতি মাত্র পাঁচ মিলিমিটার। ট্যাবলেটের মতো আকৃতির রোবটটি স্তরে স্তরে ভাঁজ করে ক্ষুদ্রাকার করা হয়। এর ওপরে ক্যাপসুলের মতো প্রলেপ থাকে। শরীরের মধ্যে গিয়ে এর বাইরের আবরণটি গলে যায় এবং রোবট ভাঁজ খুলে পূর্ণ আকৃতি পায় এবং তার কাজ শুরু করে।

গিলে ফেলা ব্যাটারি বের করতে গবেষকেরা তাঁদের এই রোবট নিয়ে পরীক্ষা চালান।

গবেষকেরা বলেন, উদ্ভট কাজ মনে হলেও এর গুরুত্ব আছে। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর সাড়ে তিন হাজার মানুষ দুর্ঘটনাবশত (বিশেষ করে শিশুরা) ব্যাটারি গিলে ফেলে। এসব ব্যাটারিতে চার্জ থাকে বলে পেট ফুটো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্যাটারি অস্ত্রোপচার করে বের করা যায়, তবে এই অস্ত্রোপচার অনেক জটিল।

গবেষকেরা কৃত্রিম পাকস্থলী তৈরি করে এর ভেতর থেকে ব্যাটারি বের করার প্রক্রিয়ায় সফল হন। এ জন্য প্রথমে রোবট পাঠানো হয়। রোবটটিকে শরীরের বাইরে চৌম্বকক্ষেত্র দিয়ে নড়াচড়া করানো যায়। রোবট বের করে ফেলার পর আরেকটি রোবট পাঠিয়ে ক্ষত সারানোর জন্য ওষুধ শরীরে পাঠানো হয়।

গবেষকেরা বলেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে।

গবেষকেরা বলেন, গবেষণা পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন তাঁরা। এরপর প্রাণীদেহে এই রোবট নিয়ে পরীক্ষা করবেন তাঁরা। এতে ইমেজিং সিস্টেম, বিশেষ করে আলট্রাসাউন্ড ও এমআরআইয়ের সাহায্য নিতে হবে। কারণ, প্রাণীদেহে এ ধরনের রোবটের ব্যবহার আরও বেশি চ্যালেঞ্জের। তবে এ গবেষণায় সফল হবেন বলে আশাবাদী তাঁরা। তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট।