শর্টকাট আইকন দেখে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেস্কটপে থাকা শর্টকাট আইকনগুলো ড্রাইভের অন্য কোথাও থাকা কোনো ফাইল, ফোল্ডার অথবা প্রোগ্রামকে নির্দেশ করে। স্টার্ট মেনু থেকে কোনো প্রোগ্রাম মাউস দিয়ে টেনে (ড্র্যাগ) ডেস্কটপে ছেড়ে দিলে (ড্রপ) মূল প্রোগ্রামটির একটি শর্টকাট তৈির হয়। অথবা আসল কোনো ফাইল বা অ্যাপ্লিকেশনে ডান ক্লিক করে Send to > Desktop (create shortcut) অপশনটি বাছাই করেও শর্টকাট বানানো যায়। আর এটা যে কেবলই শর্টকাট, মূল ফাইল নয়, এ বিষয়টা পরিষ্কার করতে আইকনের নিচের দিকে বাঁয়ে একটি তির (অ্যারো) চিহ্ন দেওয়া থাকে।
শর্টকাট আইকনের এই তির চিহ্নটা যদি দেখতে ভালো না লাগে, তাহলে উইন্ডোজের রেজিস্ট্রি পরিবর্তনের মাধ্যমে সেটা মুছে দেওয়া যাবে। কিন্তু রেজিস্ট্রি পরিবর্তন না করে এর চেয়ে আরও নিরাপদে এবং সহজেই কাজটা করা যায়। এ জন্য ইউডব্লিউটি নামে বিনা মূল্যে ব্যবহার করা যায় এমন একটি প্রোগ্রাম আছে, যেটি আবার ইনস্টল না করেই (পোর্টেবল) ব্যবহার করা যায়। উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ভিসতা অপারেটিং সিস্টেমের জন্য এটি নামানো যাবে http://goo.gl/hJdz68 ঠিকানা থেকে। উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের জন্য প্রোগ্রামটি পাওয়া যাবে http://goo.gl/UNCVgp ওয়েব ঠিকনায়। নামানো ফাইলটি সংকুচিত (জিপ) অবস্থায় থাকবে। এটি আনজিপ করে ফোল্ডারে থাকা প্রোগ্রামটিতে ক্লিক করলে এটি সরাসরি চালু হবে, ইনস্টল করতে হবে না।
উইন্ডোজের কিছু পরিবর্তন করার আগে সিস্টেমের একটি রিস্টোর পয়েন্ট তৈির করে নেওয়াটা গুরুত্বপূর্ণ ও নিরাপদ। কোনো কারণে কম্পিউটারের সমস্যা হলে সহজে আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। তাই ইউডব্লিউটি প্রোগ্রামটি প্রথমবার চালু করার আগে একটি সিস্টেম রিস্টোর বানিয়ে নিন। এবার উইন্ডোজ ৭ এবং ভিসতার জন্য তৈির করা প্রোগ্রামটি চালু করে বাঁয়ের প্যান থেকে Additional Tweaks ক্লিক করে ডানের Remove arrows from shortcut Icons অপশনটিতে টিক দিয়ে Apply বোতামে ক্লিক করুন। তারপর কম্পিউটার বন্ধ অথবা লগঅফ করে আবার চালু করলেই পরিবর্তনটা দেখা যাবে। উইন্ডোজ আটের জন্য প্রোগ্রামটির বাঁ থেকে Customization অপশনে ক্লিক করে ডানের Remove Shortcut Arrows From Shortcut Icons বোতামে ক্লিক করুন। এর পাশাপাশি উইন্ডোজের আরও বিভিন্ন সেটিংস পরিবর্তন করা যাবে এই একটিমাত্র প্রোগ্রামের সাহায্যে।