ডেস্কটপের মাউস কিংবা ল্যাপটপের ট্র্যাকপ্যাড অবশ্যই দরকারি। তবে ওয়েবজগতে দ্রুত সন্তরণ করতে কি-বোর্ড শর্টকাটের বিকল্প নেই। একবার কি-বোর্ড থেকে হাত সরিয়ে মাউস ধরা, আবার সেখান থেকে কি-বোর্ডে হাত ফিরিয়ে এনে কাজ করাটা বিরক্তিকর, সময়ের কিছুটা অপচয়ও বটে। বেশি বেশি কি-বোর্ড নির্দেশনা মনে রাখাটাও আরেক ঝক্কি। এ ক্ষেত্রে সমাধান হলো, বাছাই করা কিছু কি-বোর্ড শর্টকাট ব্যবহার করা। সে জন্য Vimium নামের একটি ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করতে হবে। এটি মূলত মাউস ছাড়াই ওয়েবসাইট দেখার শর্টকাট কি-এর এক বিশাল সম্ভার।
যেভাবে করবেন
প্রথম কাজ হলো ‘ক্রোম ওয়েব স্টোর’ (http://goo.gl/Ff8HCk) এবং ‘ফায়ারফক্স অ্যাড-অনস’ (http://goo.gl/crr37M) থেকে Vimium নামের ছোট্ট একটি প্রোগ্রাম নামিয়ে কম্পিউটারে ইনস্টল করতে হবে। তারপর www.prothom-alo.com অথবা অন্য যেকোনো ওয়েবসাইট দেখে কয়েকটি শর্টকাট পরীক্ষা করে নিতে পারেন। যেমন: কি-বোর্ডে G লিখলে ওয়েবপেজটির একেবারে সোজা নিচের অংশে চলে যাবে, gg লিখলে আবার এক লাফে ওপরের অংশে চলে আসবে। এ ছাড়া এক ট্যাব থেকে অন্য ট্যাবে চলে যাওয়া, লিংক খোলাসহ এ রকম প্রচুর শর্টকাট ব্যবহার করা যাবে নিজের সুবিধামতো। এর সমস্যা একটাই, ফেসবুক ও টুইটারের মতো অধিকাংশ ওয়েবসাইটে কাজ করলেও কিছু কিছু সাইটে কাজ নাও করতে পারে। কারণ, অনেক ওয়েবসাইটে তাদের নিজস্ব কি-বোর্ড শর্টকাট থাকে অথবা এই এক্সটেনশনটি সমর্থন করে না।—মঈন চৌধুরী