শহুরে পরিবেশ মানুষের মস্তিষ্কের অনুকূল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহুরে পরিবেশ
শহুরে পরিবেশ

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর’। নগরসভ্যতা নিয়ে এমন ভাবনা কমবেশি সবার মধ্যেই রয়েছে। যুক্তরাজ্যের একদল গবেষকও সম্প্রতি এক গবেষণার প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নগরসভ্যতার বিপক্ষেই মত দিলেন।
এক্সেটার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মানুষের মস্তিষ্কের ওপর শহুরে যান্ত্রিক পরিবেশ ও গ্রামীণ নৈসর্গিক দৃশ্যাবলির তুলনামূলক প্রভাব বিশ্লেষণ করে দেখতে পান, গ্রামীণ নিসর্গ মানুষের মনে প্রশান্তি জাগায়। অন্যদিকে শহুরে কৃত্রিম পরিবেশ মনে বিভিন্ন জটিলতা ও চাপ তৈরির জন্য দায়ী। আর সেই চাপ মানুষের আচরণেও নেতিবাচক প্রভাব ফেলে, যার পরিণাম ভোগ করে আজন্ম শহরবাসী।
বিপরীতধর্মী দৃশ্যের প্রতিক্রিয়ায় মস্তিষ্কের অবস্থা জানতে গবেষকেরা চৌম্বক অনুরণনচিত্র (এমআরআই) ব্যবহার করেন। এতে দেখা যায়, প্রাকৃতিক দৃশ্যের প্রভাবে মানুষের মস্তিষ্ক শান্ত ও ধ্যানস্থ থাকলেও শহুরে কৃত্রিম দৃশ্যে অনেকটা জটিল ও শ্রান্ত হয়ে পড়ে।
মনোবিজ্ঞানী ইয়ান ফ্র্যাম্পটন বলেন, মানবমস্তিষ্কে শহুরে ও গ্রামীণ পরিবেশের বিপরীতধর্মী প্রভাব নিয়ে গবেষকেরা এখনো কাজ করে চলেছেন। তবে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলও বেশ গুরুত্বপূর্ণ। শহুরে দৃশ্য প্রক্রিয়াজাতকরণে মস্তিষ্ককে তুলনামূলক জটিল ও শ্রমসাধ্য কাজ করতে হয়। এই প্রক্রিয়া ধীরগতির। অপর দিকে প্রাকৃতিক দৃশ্যাবলি স্বল্প শ্রমে ও দ্রুততর সময়ে প্রক্রিয়াজাত করতে পারে মানুষের মস্তিষ্ক। অর্থাৎ প্রাকৃতিক দৃশ্যের প্রতি মস্তিষ্কের প্রতিক্রিয়া সহজাত ও ইতিবাচক।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ডেপলেডজ বলেন, শহরে বসবাসকারী ব্যক্তির মানসিক অবস্থার সঙ্গে চিড়িয়াখানায় খাঁচায় সদ্য বন্দী পশুপাখির অনুভূতির তুলনা চলে। শহুরে কৃত্রিম দৃশ্যাবলির প্রভাবে মানুষের মধ্যে বিষণ্নতা ও আচরণে অস্বাভাবিকতা বৃদ্ধি পেতে পারে। এ কারণে তাদের খাদ্যাভ্যাসেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এমআরআইনির্ভর ওই গবেষণা আরেকবার প্রমাণ করে, প্রাকৃতিক পরিবেশই মানুষের জন্য ভালো। ইনডিপেনডেন্ট।