শহুরে বানর!



‘বন্যেরা বনে সুন্দর’—কবির পঙিক্তকে থোড়াই কেয়ার করে শহরেও দিব্যি মানিয়ে নিয়েছে এক দল বানর! তাদের সঙ্গে ‘হাই-হ্যালো’ করতেই হাজির হয়েছিলাম গেন্ডারিয়ায়।

সেখানকার সাধনা ঔষধালয়ের কারখানার আশপাশে গেলেই দেখবে, বনের প্রাণী হলে কী হবে; গেন্ডারিয়াবাসীর কাছে বানর ‘প্রতিবেশী’। এ-বাড়ির ছাদ থেকে ও-বাড়ির ব্যালকনিতে ছুটে বেড়ায় তারা। আনন্দ দেয় ঠিক, তবে এদের যন্ত্রণাও কম নয়। খাদ্যচোর হিসেবে দুর্নাম তো আছেই, লোকজনকে ভয় দেখায় বলেও বানরের দলকে ‘পাজি’ আখ্যায়িত করলেন এলাকার বাসিন্দা দুলাল দাস।
প্রমাণ পাওয়া গেল হাতেনাতেই। খানিকটা জিরিয়ে নিতে আমরা তখন চায়ের দোকানে বসেছি। পাশেই বসে নিশ্চিন্তে চায়ে চুমুক দিচ্ছিলেন এক লোক, হাতে কেজি খানেক বাদাম। মাত্রই বাজার থেকে বাদাম কিনে ফিরছিলেন তিনি। আচমকা এক বানর হাত থেকে বাদামের ঠোঙা ছোঁ মেরে নিয়ে হাওয়া! বেচারা বাদামের মালিক, নিরুপায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া তাঁর আর কোনো উপায় ছিল না।
জানা গেল, বাদাম ছিনতাইকারীর নাম মন্টি। স্থানীয় লোকজনেরই দেওয়া নাম। যে-ই না মন্টি বাদামের ঠোঙা নিয়ে ছাদের কিনারায় আয়েশ করে বসেছে, অমনি তার ওপর হামলে পড়ল আরেক দল বানর।

হাসতে হাসতে এলাকাবাসী জানান, তাঁদের এখানে বানরের দুটো দল আছে। একটা ‘জন্টু গ্রুপ’, আরেকটা ‘মন্টি গ্রুপ’! সাধনা ঔষধালয়ের পেছনের পরিত্যক্ত জায়গা হলো জন্টু গ্রুপের আস্তানা। পাশের কবরস্থান এলাকায় থাকে মন্টি গ্রুপ। দলনেতা বলে কথা, মন্টি এত সহজে বাদাম ছাড়ার পাত্র নয়। দু-তিন লাফে সে চলে গেল নিজের সীমানায়।
বানরের দলকে ‘টা টা’ জানিয়ে আমরা পা বাড়াই নিজেদের গন্তব্যে। শহুরে বাদরের বাঁদরামি দেখতে চাইলে তোমরাও ঘুরে আসতে পারো। তোমাকে দেখে যদি ভেংচি কাটে, মন খারাপ কোরো না। তুমিও একটা পাল্টা ভেংচি কেটে দিও নাহয়!
লেখা ও ছবি: কবীর শাহরীয়ার