শাওমির একটি মডেলের স্মার্টফোন পরীক্ষা করে দেখছে জার্মানি
শাওমির একটি মডেলের স্মার্টফোনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে জার্মানির রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা বিএসআই। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে আজ বুধবার এ কথা জানান।
কারিগরি পরীক্ষা হলেও সংস্থাটি ঠিক কোন বিষয়গুলো দেখছে, তা জানাননি ওই মুখপাত্র।
ইউরোপের আরেক দেশ লিথুয়ানিয়ার রাষ্ট্র পরিচালিত সাইবার নিরাপত্তা সংস্থা গত সপ্তাহে জানিয়েছিল, শাওমি করপোরেশনের ইউরোপে বাজারজাত করা প্রথম সারির স্মার্টফোনগুলোতে নির্দিষ্ট কিছু শব্দ বা শব্দগুচ্ছ চিহ্নিত করে সেগুলো পরিমার্জনের ক্ষমতা রয়েছে। শব্দগুচ্ছগুলোর মধ্যে রয়েছে ‘ফ্রি তিব্বত’, ‘লং লিভ তাইওয়ান ইনডিপেনডেন্স’ ও ‘ডেমোক্রেসি মুভমেন্ট’।
এদিকে লিথুয়ানিয়ার অভিযোগ যাচাই করার জন্য তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে বলে গত সোমবার জানিয়েছে শাওমি।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে ইউরোপে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠে এসেছে শাওমি। বাজার গবেষণা সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুনে ইউরোপে ১ কোটি ২৭ লাখ স্মার্টফোন বিক্রি করেছে চীনা প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ে টেকনোলজিসের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় দ্রুত এগোনোর সুযোগ পেয়েছে শাওমিসহ অ্যান্ড্রয়েড ফোন তৈরির অন্য চীনা প্রতিষ্ঠানগুলো।
দেশব্যাপী ফাইভ-জি নেটওয়ার্ক বিস্তারে হুয়াওয়ের মতো চীনা প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহারে বরাবরই নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে এসেছে জার্মানি। চীনা প্রতিষ্ঠানগুলোর যন্ত্রপাতি ব্যবহার করলে দেশের তথ্য চীনা সরকারের কাছে চলে যেতে পারে, এমন অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলে পিছু হটে জার্মানিসহ ইউরোপের অন্য দেশগুলো।