শাড়িবাজারে বৈচিত্র্য

বাজারে তো আর শাড়ির অভাব নেই! এখানে নানা রকমের শাড়ি দেখার পর ওখানে গেলেই মিলছে আরও কত রকমের শাড়ির সমাহার। ধানমন্ডি হকার্স মার্কেটের শাড়ি সেন্টারের বিক্রেতা শাহীন জানান, ২০-২৫ বছর আগে জয়পুরী চুন্দ্রি নামের শাড়ির প্রচলন ছিল বেশ। মাঝখানে সেটা আর তেমন দেখা যেত না। এবার আবার ফিরে এসেছে সেই চুন্দ্রি শাড়ি। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি দোকানের বিক্রয়কর্মী সোহেল জানান, এখনো অনেক ক্রেতাই ঐতিহ্যবাহী শাড়ি বেশি পছন্দ করেন। আর তরুণীদের মধ্যে নতুন ধরনের কিছু পাওয়ার চাহিদাটা বেশি।
জামদানি শাড়ির বাজারে এবার পাবেন শাইনি জামদানি, কুঁচি জামদানি, শেড জামদানি ও কন্ট্রাস্ট জামদানি। এসব নতুন ধরনের জামদানি আপনি পাবেন চার থেকে ২২ হাজার টাকার মধ্যে। বাজার ঘুরে জানা যায়, জুট কাতানের শাড়িগুলো মিলবে ১৩০০-৬০০০ টাকায়। কন্যাকুমারী শাড়ির চলটা এবার বেশ। বেনারসি পাড় যোগ করা হয়েছে এই শাড়িতে। দাম পড়বে ৪০০০-৬০০০ টাকা। ধুপিয়ান বেনারসি পাড়ের শাড়ির দাম পড়বে ৩০০০-৫০০০ টাকা। ইটালিয়ান ক্রেপের শাড়ি পেতে হলে আপনাকে দাম দিতে হবে ৬৫০০-১২০০০ টাকার মধ্যে। জয়পুরী চুন্দ্রি পাবেন ৫০০০-১০০০০ টাকার মধ্যে। ধুপিয়ান সিল্কের ওপর পাথরের কাজ করা শাড়ি পাবেন ৮০০০-১৫০০০ টাকার মধ্যে। কাঞ্জিভরম কাতানের দাম শুরু হবে ১৫০০০ টাকা থেকে। কাঠিয়াল কাতান কিনতে দাম পড়বে ৮০০০-১২০০০। আবার নেটের ওপর একই রঙের পাথর এবং তার সঙ্গে বেনারসি পাড়ের শাড়ির দাম পড়বে ৪৫০০-৬০০০ টাকা। এ ছাড়া পাবেন গুজরাটি তাঁত, মাদ্রাজি তাঁত, পাল্লুয়া তাঁত, মনচুরি তাঁত—এসবও। এসবের দাম পড়বে ১৮০০-৩৫০০ টাকা। বাহারি নাম আর বৈচিত্র্যময় দাম জানা হলো। এবার কোন শাড়িটি পরে ঈদে সবাইকে চমকে দেবেন, সেই সিদ্ধান্তটা আপনার।
এবার ঈদের বাজার সুতির শাড়িতেও রমরমা। চাইলে যেমন হালকা প্রিন্ট করা কোনো কিছু বেছে নিতে পারবেন, তেমনি সুতির ওপর কাজ করা জমকালো শাড়িতেও সাজাতে পারেন নিজেকে।
ধানমন্ডি-৪ নম্বর সড়কের পারফেক্ট টেক্সটাইলের ইনচার্জ জেসমিন আকতার ঘুরে ঘুরে দেখান এবারের ঈদ সামনে রেখে কত রকমের শাড়ি এনেছেন তাঁরা। তাঁতের কাপড়ে অ্যাপ্লিক, এমব্রয়ডারি, কারচুপি, হাতের কাজ, ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, সুতার কাজ, ব্রাশ পেইন্টের কাজ করা শাড়ি তো আছেই; জামদানির ওপর এমব্রয়ডারি ও অ্যাপ্লিকের কাজ করা শাড়িতেও পাবেন নতুনত্ব। হাফ সিল্কে ব্লকপ্রিন্ট ও পাড়ের সংযোগে আনা নতুন ধারার শাড়িটিও বেশ নজরকাড়া। এখানে সবচেয়ে নজরকাড়া শাড়ি হলো মসলিনে কলকির কাজ করা শাড়ি। মসলিনে কাটওয়ার্ক করা শাড়িও বেশ চলছে। তাঁতের শাড়িগুলো পাবেন ৯৫০ থেকে ৪৪০০ টাকার মধ্যে। হাফ সিল্কের শাড়ির দাম পড়বে ২২০০ থেকে ১২৬০০ টাকা। আর মসলিনের শাড়ি কিনতে পারবেন ৬০০০ থেকে ১১০০০ টাকার মধ্যে। ঈদ সামনে রেখে প্রাইড টেক্সটাইলেও পাবেন বেশ কিছু আকর্ষণীয় শাড়ি। মন চাইলে একরঙা বা বলপ্রিন্টের শাড়ি কিনে নিজের মতো করে ডিজাইন করিয়ে নিতে পারেন। এসব শাড়ির দাম পড়বে ৪১০ থেকে ৫৮০ টাকা। এখানে নানা নামের এবং নানা ধরনের ছাপা শাড়ি পাবেন। তাঁত, হাফ সিল্ক বা মসলিন—সব ধরনের শাড়ি মিলবে প্রাইডে। ৮৫০০ টাকার মধ্যে পাবেন মসলিনে অ্যাপ্লিকের কাজ করা বাহারি শাড়ি। ব্লকপ্রিন্টের কাজ করা শাড়িগুলোও পাবেন ৬৫০ টাকার মধ্যে। আবার তাঁতের শাড়িতে ব্লকপ্রিন্টের কাজ করে তার ওপর পাথরের ব্যবহারেও জমকালো শাড়ি পাবেন প্রাইডে। দাম পড়বে ২০০০ টাকার মতো।