বিশ্বকে বদলে দেওয়া প্রযুক্তি ‘ইন্টারনেট’ শান্তিতে ২০১০ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। এখন শুরু হয়েছে এর পক্ষে প্রচারণা। সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, জনপ্রিয় সাময়িকী ‘উইয়ার্ড’-এর ইতালির সংস্করণ নোবেল পুরস্কারের জন্য ইন্টারনেটের নাম প্রস্তাব করে। ইন্টারনেটকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার যুক্তি হিসেবে সাময়িকীটি বলেছে, তথ্য ও জনমত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইন্টারনেট। উইয়ার্ড ইতালি তাদের এই উদ্যোগের পক্ষে সমর্থন জোগাড়ের জন্য শান্তির জন্য ইন্টারনেট (ইন্টারনেট ফর পিস) নামের একটি প্রচারণা কর্মসূচিও চালু করেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই প্রচারণা চলবে। বিশ্বে শান্তি ও সম্প্রীতি ধরে রাখতে ইন্টারনেট কী ধরনের ভূমিকা রাখছে তা প্রচার করা হবে এই কর্মসূচিতে। ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের মানবাধিকারকর্মী শিরিন এবাদি ও ১০০ ডলার মূল্যের ল্যাপটপ প্রকল্পের উদ্যোক্তা নিকোলাস নেগ্রোপন্টে শান্তি পুরস্কারের জন্য ইন্টারনেটের মনোনয়নকে সমর্থন দিয়েছেন। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ইন্টারনেটসহ মোট ২৩৭ ব্যক্তি ও সংস্থাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যা গতবারের রেকর্ডসংখ্যক ২০৫টি মনোনয়নের চেয়ে বেশি। এবার মনোনীতদের মধ্যে রয়েছেন চীনের মানবাধিকারকর্মী লিউ জিয়াবাও ও রাশিয়ার মানবাধিকারকর্মী গান্নুশকিনা। পুরস্কারের জন্য মনোনীত চূড়ান্ত এই তালিকাটি ৯ মার্চ তৈরি করেছে নরওয়ের নোবেল কমিটি। ৮ থেকে ১০ মার্চ বিবিসি ইন্টারনেটের শক্তি নিয়ে নিয়ে তিনটি প্রতিবেদন প্রচার করেছে।‘ডিজিটালজায়ান্ট’ প্রতিবেদনে ওয়েবের ভবিষ্যত্ নিয়ে বলেণেন ব্যবসা খাতের শীর্ষ চিন্তাবিদেরা।‘ম্যাপিং দি ইন্টারনেট’ প্রতিবেদনে গত দুই দশক ধরে ওয়েবের বিস্তৃতি দেখানো হয়। আর ‘গ্লোবাল ভয়েসেস’ প্রতিবেদনে বিবিসি সারা পৃথিবীর বেশ কিছু ব্লগারের সঙ্গে সংযোগ স্থাপন করে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান