শাবিপ্রবিতে মুক্ত সফটওয়্যার কর্মশালার সনদ বিতরণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুক্ত সফটওয়্যারের পাঁচ দিনের কর্মশালা গত রোববার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, কর্মশালার অর্জিত জ্ঞান অন্যদের সঙ্গে বিনিময় করতে পারলেই কর্মশালার উদ্দেশ্য সার্থক হবে। কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. আবদুল হাই ছামেনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেসের ডিন নারায়ণ সাহা। অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন, গণিত বিভাগের প্রধান সাজেদুল করিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল গণি, কর্মশালার প্রশিক্ষক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় ২২ জনের হাতে সনদ তুলে দেন অতিথিরা। —শাবিপ্রবি প্রতিনিধি