শাবির শিক্ষার্থীরা বিনা মূল্যে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা এখন থেকে বিনা মূল্যে মাইক্রোসফটের সফটওয়্যার ও সেবা ব্যবহার করতে পারবেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং সাস্টউইথ এমএসডিএন’ শীর্ষক কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মুহম্মদ জাফর ইকবাল। তিনি শিক্ষার্থীদের নিজের শক্তি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। ভিজুয়াল স্টুডিও লাইট, সিলভারলাইট ৪.০, এমএস ডিএনএএ, এক্সএনজি গেইম, ইমাজিন কাপ প্রভৃতি বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ডেভেলপার অমি আজাদ, মাইক্রোসফট আইটি একাডেমির ফ্যাকাল্টি নিয়াজ মোর্শেদ। কর্মশালাটি সঞ্চালন করেন সিএসই সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা সুলতানা চৌধুরী। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েব জানান, আজ বৃহস্পতিবার মাইক্রোসফটের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি সই হবে। এ চুক্তির আওতায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার কাজে বিনা মূল্যে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। —শাহজালাল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা