শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরিতে সচেতনতা ও সামর্থ্য অর্জন কর্মসূচির সিলেট বিভাগীয় আয়োজন গতকাল বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শেষ হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ।
বেলা ১১টায় এই বুটক্যাম্পের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ এ সময় তিনি বলেন, প্রযুক্তির বিকাশের মাধ্যমে অন্য ধরনের উৎপাদন হয়। মানুষের ও সভ্যতার অগ্রগতিতে প্রযুক্তির বিশেষ ভূমিকা রয়েছে। বাংলাদেশে ১০ কোটির বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। মোবাইল অ্যাপ্লিকেশন তথাপ্রযুক্তির ছোঁয়ায় জীবনকে সহজ, কার্যকর এবং উন্নত থেকে উন্নততর করতে তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সভাপতি আইসিটিসচিব নজরুল ইসলাম খান বলেন, ‘আগামীতে শুধু বিভাগ নয়, জেলায় জেলায় হাইটেক পার্ক স্থাপন করা হবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, স্মার্টফোনের মাধ্যমে ভবিষ্যতে সব ধরনের যোগাযোগ ও দক্ষতা অর্জন সম্ভব হবে। আগামী দিনে মোবাইল অ্যাপ্লিকেশনের বাজার সম্প্রসারিত হবে৷
শাবিপ্রবির উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া বলেন, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন নতুন মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে তরুণেরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির, কর্মসূচি বাস্তবায়নকারী অন্যতম সংস্থা এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হাসান বক্তৃতা করেন৷
উদ্বোধনের পর মোবাইল অ্যাপস ও গেম তৈরি বিষয়ে কয়েকটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।
—মিসবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি