শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজ থেকে প্রযুক্তি উৎসব
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের তথ্যপ্রযুক্তি উৎসব। গতকাল বুধবার থেকেই বিশ্ববিদ্যালয়ে এ উৎসবকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়ে গেছে। ‘তৃতীয় সিএসই কার্নিভাল’ নামের এ উৎসবে জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতারও (এনসিএসসি) আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সফটওয়্যার প্রকল্প তৈরি করে প্রতিযোগিতায় অংশ নেবেন। এনসিএসসির পাশাপাশি উৎসবে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি মেলা, চাকরির মেলা, সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএসই কার্নিভাল ’১১-এর আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান মুহম্মদ জাফর ইকবাল। সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক রুহুল আমিন, শহীদুল ইসলাম, আবু নাসের, মারুফা রাহিম, আক্তার হোসেনসহ অনেকে। জানানো হয়, কার্নিভালে তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা এবং মেলার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। কার্নিভালের বিস্তারিত জানা যাবে http://www.sust.edu/csecarnival/ ঠিকানার ওয়েবসাইটে। কার্নিভালে সহযোগী হিসেবে রয়েছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, রিভ সিস্টেমস, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, শেভরন, টেলিটক, জিপিআইটি, আইবল নেটওয়ার্ক, বিডিওএসএন, হাম-তুম এবং উত্তরপূর্ব। —মুন্সী মো. মিছবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি