শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চার গুণ বাড়ল ইন্টারনেটের গতি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটের গতি চার গুণ বাড়ানো হয়েছে। এই ইন্টারনেট সেবা দেওয়া হবে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীনিবাসও তারহীন ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপাচার্য মো. সালেহ উদ্দিন ওয়াই-ফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন। এ সময় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ ইয়াসমীন হকসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এখন থেকে এ বিশ্ববিদ্যালয়ে ৮ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। আগে এর গতি ছিল ২ এমবিপিএস। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ই প্রথমে ফাইবার অপটিক কেবেলর সঙ্গে যুক্ত হয়। এর পর থেকে ক্যাম্পাসের সর্বত্র ওয়াই-ফাই নেটওয়ার্কিংয়ের প্রক্রিয়া শুরু হয়। আর এসব সুবিধার ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির দিক থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় দ্রুত এগিয়ে যাচ্ছে। —শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি