শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে প্রযুক্তি উৎসব
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনের প্রযুক্তি উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষহলো ‘সিএসই কার্নিভাল’ নামের এ আয়োজন।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন শাবিপ্রবির উপাচার্য মো. সালেহ উদ্দিন। উৎসবের দ্বিতীয় দিন গত শুক্রবার থেরাপ বিডি, আইবল নেটওয়ার্কসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান সেমিনারের আয়োজন করে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে তথ্যপ্রযুক্তির বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন থেরাপ বিডির জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী নাইমুল হুদা ও আইবল নেটওয়ার্কের বিপণন ব্যবস্থাপক রেদওয়ানুল হক। বিকেলে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ‘সড়ক দুর্ঘটনা রোধ: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সম্ভাব্য ভূমিকা’ শীর্ষক গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০১টি দল অংশ নেয়। এ ছাড়া জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতায় (এনসিএসসি) ২৬টি দল অংশ নেয়। বিকেল সাড়ে তিনটায় জিপিআইটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন জিপিআইটির মানবসম্পদ বিভাগের প্রধান ইয়াসমিন রহমান ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ দিদারুল হক। উৎসবে প্রতিদিনই ছিল চাকরির মেলা।এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ছাড়াও ছিল চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের সাক্ষাৎকার গ্রহণ ও সরাসরি নিয়োগ। ‘আই ইনভেন্ট, ইউ এম্পাওয়ার্ড, উই এনলাইটেন’—স্লোগান ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও সিএসই সোসাইটি যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ছিল রিভ সিস্টেমস। সহযোগী হিসেবে ছিল বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, শেভরন, টেলিটক, জিপিআইটি, আইবল নেটওয়ার্ক, বিডিওএসএন এবংউত্তরপূর্ব। —মুন্সী মো. মিছবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি