শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ই-পেমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে ইলেট্রনিক লেনদেন (ই-পেমেন্ট) ব্যবস্থা। এর ফলে এখন থেকে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন সেমিস্টার ফি, ভর্তি ফি ইত্যাদি অনলাইনে জমা দিতে পারবেন। শাবিপ্রবির জন্য এ সুবিধা চালু করেছে ক্রিস ক্রস কম্পিউটারস। এ প্রতিষ্ঠানের সহযোগিতায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) পেমেন্ট গেটওয়ের সাহায্যে এ কাজটি হবে। ই-পেমেন্ট ব্যবস্থা চালুর ব্যাপারে গতকাল শনিবার ঢাকায় ডিবিবিএলের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ মো. ইসফাকুল হোসেন, ক্রিস ক্রস কম্পিউটারসের পক্ষে ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে মো. কামরুজ্জামান সই করেন। চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবির অধ্যাপক মো. সালেহ উদ্দিন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক ইলিয়াছ উদ্দিন বিশ্বাস, প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব, ডিবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রমুখ। ক্রিস ক্রস কম্পিউটারসের স্বত্বাধিকারী ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে ফি যাতে সহজে অনলাইনে জমা দেওয়া যায়, সে জন্যই আমাদের এ বিশেষ ব্যবস্থা। ভবিষ্যতে ট্রান্সস্ক্রিপ্ট উত্তোলনের জন্য ক্যাম্পাসে না গিয়ে অনলাইনে আবেদনের মাধ্যমে নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে যেকোনো ঠিকানায় ট্রান্সস্ক্রিপ্ট পাওয়া যাবে।’ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অটোমেশনের জন্য কাজ করা প্রতিষ্ঠানটি শিগগির অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও এ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে শাবিপ্রবির ওয়েবসাইটে গিয়ে ই-পেমেন্ট দেওয়া যাবে। —নিজস্ব প্রতিবেদক