শাহজালালের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটের শাহজালাল ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো একই প্রশ্নে, একই দিনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন। গতকাল সোমবার সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে। তবে এ বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া বিভিন্ন সংগঠন একই প্রশ্নে ভর্তি পরীক্ষা হলে পরীক্ষার দিন হরতাল ডাকার হুমকি দিলে কর্তৃপক্ষ আজ বিশেষ একাডেমিক কাউন্সিলের সভা করেন। বেলা ১১টা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠকে ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন পরীক্ষা স্থগিতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কবে ও কী পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।