শাহরুখকে টপকালেন মোদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং নরেন্দ্র মোদি
অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং নরেন্দ্র মোদি

বলিউড কিং শাহরুখ খানকে টপকে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুনে ধন্দে পড়ে গেলেন বোধ হয়। ভাবছেন, এক অভিনেতা ও একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক, এরা একে অপরকে কীভাবে টপকে গেলেন। আসলে সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারে অনুসারীর (ফলোয়ার) সংখ্যায় ‘দিলওয়ালে’ তারকা শাহরুখ খানকে টপকে গেলেন নরেন্দ্র মোদি। তিনি রাজনীতিবিদদের মধ্যে অনুসারীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে টুইটারে অনুসারীর সংখ্যার ভিত্তিতে তালিকার প্রথম তিনজনের মধ্যে দুজনই অভিনেতা। একজন রাজনীতিক, তিনি মোদি। অনুসারীর সংখ্যার ভিত্তিতে আগের মতেই সবার ওপরে আছেন ‘শাহেনশা’ তারকা অমিতাভ বচ্চন।
গতকাল শনিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত টুইটারে নরেন্দ্র মোদির অনুসারীর সংখ্যা ১৭ কোটি ৩ লাখ ৭১ হাজার ৬০০। আর ২০১০ সালে টুইটারে যোগ দেওয়া ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের অনুসারী ১৭ কোটি ৩ লাখ ৫১ হাজার ১০০। দুজনের মধ্যে পার্থক্যটা অবশ্য ২০ হাজার ৫০০। আর ভারতে এক নম্বরে থাকা অমিতাভ বচ্চনের টুইটারে অনুসারীর সংখ্যায় ১৯ কোটির কাছাকাছি (১৮ কোটি নব্বই লাখ, ১৮. ৯ মিলিয়ন।

প্রতি দুই মাসে মোদির অনুসারী হন প্রায় ১০ লাখের মতো। ২০০৯ সালে টুইটারে (@narendramodi) সক্রিয় হওয়ার পর থেকেই রাজনীতিবিদদের মধ্যে নরেন্দ্র মোদির ফলোয়ারের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। আর সারা বিশ্বের রাজনীতিবিদদের মধ্যে তিনি দ্বিতীয়। অনুমিতভাবেই প্রথমজন হলেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (@barackobama)।